চট্টগ্রাম রেঞ্জের নতুন উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী।
আজ মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদের জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে বদলি ও পদায়ন করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা আবদুল কুদ্দুস চৌধুরীকে এসএমপির পুলিশ কমিশনার (ডিআইজি) পদ থেকে বদলি করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে সিআইডির ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া পুলিশ অধিদপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীমকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, গত ২৮ জুন জারি করা প্রজ্ঞাপনে ডিআইজি মিয়া মাসুদ করিমকে ডিআইজি (এফডিএমএন) এপিবিএন কার্যালয়ে বদলির আদেশ বাতিল করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ
















