চট্টগ্রাম মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সর্বশেষ:

রাতে অভিযোগ, সকালেই সমাধান!

চসিকের ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ

রাতে অভিযোগ, সকালেই সমাধান!

ইমরান বিন ছবুর 

২০ জুলাই, ২০২৬ | ১:৫১ অপরাহ্ণ

নগরীর ৩ নম্বর ওয়ার্ডের নয়াহাট এলাকার বাসিন্দা তানজিলুল হক। ভারী বর্ষণের মধ্যে গত ১২ জুলাই তার বাড়ির সামনের সড়ক বাতিটি নষ্ট হয়ে যায়। সিটি কর্পোরেশনের কার্যালয়ে গিয়ে অভিযোগ জানাবেন- এমন সময়-সুযোগ পাননি তিনি। তাই এক সপ্তাহ ধরে অন্ধকার পথেই হাঁটতে হয়েছে তাকে। 
এরমধ্যেই গত শনিবার সিটি কর্পোরেশনের উদ্যোগে চালু হয় ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ। ফেসবুকে এই খবর দেখে অ্যাপটি ব্যবহার করে ঘরে বসেই নষ্ট সড়ক বাতি নিয়ে অভিযোগ জানান তানজিলুল। দ্রুত মিলে সাড়াও। অ্যাপে অভিযোগ পেয়ে সিটি কর্পোরেশন তার বাড়ির সামনের সড়ক বাতি ঠিক করে দেয়।
৩৪ নম্বর ওয়ার্ডের হারেস চন্দ্র মুন্সেফ লেন এলাকার বাসিন্দা জয় চৌধুরীর বাড়ির সামনে ময়লা-আবর্জনা পড়ে ছিল তিন দিন ধরে। সেই ময়লার ছবি তুলে ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ জানান তিনি। সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেন চসিকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। দ্রুত লোক পাঠিয়ে পরিষ্কার করা হয় ময়লাগুলো। 
শুধু তানজিলুল বা জয় চৌধুরী নন- ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ ব্যবহার করে ঘরে বসেই এক ক্লিকে সিটি কর্পোরেশন সংশ্লিষ্ট সেবা গ্রহণ করছেন নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দারা। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক সমাধান পাওয়ায় খুশি তারা।
জানতে চাইলে আমাদের চট্টগ্রাম অ্যাপ ব্যবহার করে সেবা নেওয়া তানজিলুল হক পূর্বকোণকে বলেন, সারা দিন নানা কাজে ব্যস্ত থাকি। সিটি কর্পোরেশন কার্যালয়ে গিয়ে নাগরিক সেবা সংক্রান্ত অভিযোগ জানানো হয়ে উঠে না। তবে এখন অ্যাপ তৈরি করায় সুবিধা হলো। ঘরে বসেই সমস্যার কথা জানানো যাচ্ছে।
তিনি বলেন, শনিবার রাত সাড়ে ৮টায় অভিযোগ জানিয়েছিলাম। সকালে ঘুম থেকে উঠার আগেই দেখি সিটি কর্পোরেশনের লোকজন এসে হাজির। এটি অনেকটা অবিশ্বাস্য। মেয়র মহোদয়কে ধন্যবাদ জানাই। আশা করি এই ‘স্পিরিট’ তিনি ও তার টিম ধরে রাখবেন। মানুষকে সেবা দিয়ে যাবেন।
সূত্র জানায়, ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে গত শনিবার দুপুর ১টা থেকে গতকাল রবিবার রাত ৯টা পর্যন্ত ৩২ ঘণ্টায় মোট ২৪১টি অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে ১৬০টি অভিযোগ সমাধানের অপেক্ষায় রয়েছে। ৪৮টি অভিযোগ গ্রহণ করে সমাধানে কাজ করেছে সংশ্লিষ্ট বিভাগ। ১৯টি অভিযোগ সমাধান করা হয়েছে। ছয়টি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। চসিক সংশ্লিষ্ট না হাওয়া সাতটি অকার্যকর এবং একটি অভিযোগ বাতিল করা হয়েছে।  
অভিযোগগুলো বিশ্লেষণ করে দেখা যায়, সবচেয়ে বেশি অভিযোগ এসেছে সড়ক রক্ষাণাবেক্ষণ, ম্যানহোল ও স্ল্যাব নিয়ে। এ সংক্রান্ত ৭৪টি অভিযোগ পাওয়া গেছে। পরিচ্ছন্ন বিভাগ নিয়ে অভিযোগ এসেছে ৭৩টি। সড়ক বাতি নিয়ে অভিযোগ এসেছে ৪৬টি। ড্রেন পরিষ্কার নিয়ে অভিযোগ এসেছে ১৬টি। এছাড়া জলাবদ্ধতা নিয়ে ১২টি, মশা নিয়ে নয়টি, ফুটপাত দখল নিয়ে সাতটি এবং ড্রেন সংস্কার নিয়ে চারটি অভিযোগ পাওয়া গেছে।
সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন- ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে পাওয়া সিটি কর্পোরেশন সংক্রান্ত সব অভিযোগ দ্রুত নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। মেয়র নিজেই অ্যাপটির সামগ্রিক কার্যক্রম তদারকি করছেন। কর্মকর্তাদের নানা নির্দেশনা দিচ্ছেন।
সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন পূর্বকোণকে বলেন, সিটি কর্পোরেশনের সেবা কার্যক্রম আরও জনবান্ধব করতে ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপটি চালু করেছি। এখানে আসা সব অভিযোগ আমলে নিয়ে যত দ্রুত সম্ভব সমাধান করা হচ্ছে। রবিবার রাত ৯টা পর্যন্ত ১৯টি অভিযোগের তাৎক্ষণিক সমাধান করা হয়েছে। 
তিনি বলেন, কিছু কিছু সমস্যার সমাধান দীর্ঘমেয়াদি। যেমন কারও এলাকায় ড্রেন পরিষ্কার নেই, কোথাও সড়ক ভেঙে গেছে। এই ধরনের অভিযোগও আসছে। আমরা সেগুলোও দ্রæত সমাধান করবো। মানুষ ঘরে বসেই তাদের সমস্যার কথা বলবে। আমরা ঘরে ঘরে গিয়ে তাদের সমস্যার সমাধান দেবো।
পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট