ঢাকা-চট্টগ্রাম অর্থনৈতিক করিডোরে উচ্চগতির ‘বুলেট ট্রেন’ চালুর বিষয়ে চীনের পক্ষ থেকে সহযোগিতার আগ্রহ পুনরায় ব্যক্ত করায় এবং চীনা বাজারে বাংলাদেশি পণ্যের অধিকতর প্রবেশাধিকারের বিষয়টি সক্রিয় বিবেচনায় রাখায় গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিআই)। চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক আজ রবিবার (১৯ জুলাই) বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে পাঠানো এক পত্রে এই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
চেম্বার সভাপতি তাঁর চিঠিতে উল্লেখ করেন, চীন দীর্ঘকাল ধরে বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং অন্যতম প্রধান বৈদেশিক বিনিয়োগকারী দেশ। বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধিতে চীন নিরন্তর অবদান রেখে চলেছে। বিশেষ করে ক্রমবর্ধমান বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর এবং দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পগুলোতে অংশগ্রহণের মাধ্যমে চীন বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। চীনা বিনিয়োগের ক্রমবর্ধমান সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ সরকার সম্প্রতি চট্টগ্রামে একটি বিশেষ ‘চীনা অর্থনৈতিক অঞ্চল’ স্থাপনের অনুমোদন দিয়েছে।
মোহাম্মদ আমিরুল হক আশা প্রকাশ করেন যে, রাষ্ট্রদূতের গতিশীল ভূমিকার মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনাময় খাতে চীনের সম্পৃক্ততা বহুগুণ বৃদ্ধি পাবে। বিশেষ করে অবকাঠামো, বন্দর, গ্রিন এনার্জি বা নবায়নযোগ্য জ্বালানি, উৎপাদনমুখী শিল্প, ইস্পাত, তৈরি পোশাক খাতের ব্যাকওয়ার্ড লিংকেজ, প্রযুক্তি হস্তান্তর, আঞ্চলিক কানেক্টিভিটি এবং কৃষি খাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে।
পত্রে চট্টগ্রামের কৌশলগত ভৌগোলিক অবস্থানের গুরুত্ব তুলে ধরে সিসিআই সভাপতি বলেন, চট্টগ্রাম বর্তমানে একটি সমৃদ্ধ শিল্প কেন্দ্র এবং আন্তর্জাতিক ট্রান্স-মোডাল লজিস্টিক হাবে পরিণত হওয়ার পথে রয়েছে। এই সুবিধা কাজে লাগিয়ে চট্টগ্রামের বিভিন্ন খাতে বিনিয়োগের জন্য চীনা ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করতে তিনি রাষ্ট্রদূতের প্রতি বিশেষ অনুরোধ জানান।
পরিশেষে, দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার দীর্ঘদিনের আস্থার সম্পর্ক এবং প্রতিযোগিতামূলক সুবিধাগুলোকে কাজে লাগিয়ে সামগ্রিক অর্থনৈতিক সুফল অর্জনের লক্ষ্যে একটি মতবিনিময় সভার প্রস্তাব করেন মোহাম্মদ আমিরুল হক। এই উদ্দেশ্যে তিনি রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে সুবিধাজনক সময়ে দেশের প্রাচীনতম এই প্রিমিয়াম চেম্বার পরিদর্শনের জন্য আন্তরিক আমন্ত্রণ জানান।
পূর্বকোণ/সারওয়ার/পারভেজ
















