চট্টগ্রাম সোমবার, ২০ জুলাই, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে ইন্টারনেট সেবার প্রতিষ্ঠানে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ৯

চট্টগ্রামে ইন্টারনেট সেবার প্রতিষ্ঠানে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ৯

নিজস্ব প্রতিবেদক

১৯ জুলাই, ২০২৬ | ৩:১৩ অপরাহ্ণ

চট্টগ্রামে দুই কোটি টাকা চাঁদা না পেয়ে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে হামলায় ব্যবহৃত ৪টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

 

শনিবার (১৮ জুলাই) চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন-মাইকেল রোহেন মিয়া প্রকাশ মাইক্যাল (৩১), মো. তুহিন (২২), আকবর হোসেন (৩৮), মো. আব্দুল মুমিন (৩০), মো. মাসাদ মিয়া (২৭), মো. দিদার মিয়া (২২), মো. সানজাত হাসান (১৮), সৈকত হোসেন (১৮) ও মো. সাইফুদ্দিন (৩২), পিতা-বদিউল আলম, জেলা-চট্টগ্রাম।

 

এর আগে মঙ্গলবার (১৪ জুলাই) রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে চকবাজার থানা ও ডিবি পুলিশ।

 

গত ১৫ জুলাই বিকাল তিনটার দিকে নগরীর দামপাড়া নগর পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) ফয়সাল আহমেদ। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও টাকা লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র ও মাদক আইনে চার থেকে পাঁচটি করে মামলা রয়েছে।

 

এর আগে গত ১১ জুলাই নগরীর দীর্ঘদিনের ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘ডিজিটাল ডট নেট (ডিডিএন)’-এর স্বত্বাধিকারীকে ‘ডেবিড ইমন’ পরিচয়ে হোয়াটসঅ্যাপে কল করে ভয়ভীতি দেখানো হয়। এ সময় সন্ত্রাসীরা এককালীন ২ কোটি টাকা এবং পরবর্তীতে প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।

 

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে, গত ১৩ জুলাই দুপুর সোয়া ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে চকবাজার থানাধীন চন্দনপুরা বাকলিয়া অ্যাক্সেস রোডের ‘মরিয়ম হাইটস’ ভবনের তৃতীয় তলায় অবস্থিত ডিডিএন-এর অফিসে ৩০-৪০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল অতর্কিত হামলা চালায়।

 

অফিসের কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার ও আসবাবপত্র ব্যাপক ভাঙচুর করে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এছাড়া অফিসের ড্রয়ারে থাকা নগদ ৪৭ হাজার টাকা, ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল এবং প্রতিষ্ঠানের পরিচালক আরিফুল ইসলামের কাঁধে থাকা ব্যাগটি ছিনিয়ে নেয়। ওই ব্যাগে কর্মচারীদের বেতন প্রদানের জন্য রাখা ৩৫ লাখ টাকা ছিল। এ ঘটনায় চকবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট