চট্টগ্রাম বুধবার, ১৫ জুলাই, ২০২৬

সর্বশেষ:

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চিটাগাং চেম্বারের ১ কোটি টাকার অনুদান

অনলাইন ডেস্ক

১৫ জুলাই, ২০২৬ | ৮:৫০ অপরাহ্ণ

বন্যাদুর্গত মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকা অনুদান দিয়েছে দেশের অন্যতম শীর্ষ বাণিজ্য সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)।

 

বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে অনুদানের চেক তুলে দেন চিটাগাং চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক। এ সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

 

অনুদান গ্রহণ করে প্রধানমন্ত্রী চিটাগাং চেম্বারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দেশের দুর্যোগ ও সংকটের সময়ে ব্যবসায়ী সমাজের এ ধরনের মানবিক উদ্যোগ প্রশংসার দাবিদার। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের চলমান কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকার শুরু থেকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সহযোগিতা দুর্যোগ মোকাবিলাকে আরও কার্যকর করবে।

 

প্রধানমন্ত্রী আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধার এবং ব্যবসায়ীদের প্রয়োজনীয় সহায়তা দিতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

 

চেক হস্তান্তরের সময় চিটাগাং চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, দেশের যেকোনো দুর্যোগ ও সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে চিটাগাং চেম্বার সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। বন্যাদুর্গত মানুষের সহায়তায় সংগঠনটির এই সহযোগিতা সেই অঙ্গীকারেরই অংশ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট