হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে চট্টগ্রাম নগরের ব্যস্ততম ১৬টি সড়কে যানবাহন ও পথচারীদের চলাচল নিয়ন্ত্রণ করবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এ সময় সংশ্লিষ্ট সড়কগুলো এড়িয়ে বিকল্প পথ ব্যবহারের জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) সিএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে ইসকন কমিউকেশন চট্টগ্রাম বিভাগের পরিচালক ও প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের সহ-সভাপতি স্বতন্ত্র গৌরাঙ্গ দাস জানিয়েছেন, জগন্নাথদেবের রথযাত্রা বিকাল ৩ টায় প্রবর্তক মোড় হতে মহাশোভাযাত্রা শুরু হবে। রথযাত্রার শুভ উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী হাই কমিশনার শ্রী হরিশ কুমার, রথযাত্রা অনুষ্ঠানে সভাপতিত্ব ও পৌরহিত্য করবেন ইস্কন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ দারুব্রহ্ম জগন্নাথ দাস ব্রহ্মচারী ।
সিএমপির মুখপাত্র ও সহকারী পুলিশ কমিশনার মো. আমিনুর রশীদ বলেন, রথযাত্রা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে অনুষ্ঠান চলাকালে সংশ্লিষ্ট এলাকার সড়কগুলো এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য যানবাহনের চালক, যাত্রী ও সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।
যেসব স্থানে ডাইভারশন দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে :
বাদশা মিয়া রোডের মুখ, ওয়াসা মোড়, স্টেডিয়াম গোলচত্বর, নেভাল মোড়, নূর আহমদ সড়কের মুখ, এনায়েত বাজার মোড়, তিনপোলের মাথা, নিউমার্কেট, জিপিওর সামনে, কোতোয়ালি থানা মোড়, লালদীঘির উত্তর পাড়, সিনেমা প্যালেস মোড়, আন্দরকিল্লা মোড়, গুডস হিলের মুখ, গনি বেকারি ও সার্সন রোড।
নগরীর যে তিনটি প্রধান রথযাত্রা অনুষ্ঠিত হবে:
# প্রবর্তক মোড়ের আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) রথযাত্রা প্রবর্তক মোড়, গোলপাহাড়, মেহেদীবাগ, চট্টেশ্বরী, কাজীর দেউড়ি, জামালখান, চেরাগী পাহাড়, আন্দরকিল্লা, লালদীঘি, কোতোয়ালি ও সিনেমা প্যালেস হয়ে ডিসি হিলে পৌঁছাবে।
# শ্রীশ্রী তুলসীধাম মন্দিরের রথযাত্রা রাইফেল ক্লাব, নিউমার্কেট, লালদীঘি, বক্সীরহাট, আন্দরকিল্লা, চেরাগী পাহাড়, জামালখান, কাজীর দেউড়ি ও লাভ লেন ঘুরে পুনরায় মন্দিরে ফিরবে।
# নন্দনকাননের শ্রীশ্রী রাধামাধব মন্দিরের (ইসকন) রথযাত্রা ডিসি হিল, চেরাগী পাহাড়, আন্দরকিল্লা, লালদীঘি, কোতোয়ালি, নিউমার্কেট ও আমতল হয়ে নন্দনকাননে শেষ হবে।
পূর্বকোণ/রাজীব/পারভেজ















