বন্যাকবলিত এলাকায় এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বুধবার (১৫ জুলাই) দুপুর তিনটার দিকে নগরের ২ নম্বর গেট মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় ‘এক দফা, এক দাবি-শিক্ষামন্ত্রীর পদত্যাগ’সহ বিভিন্ন স্লোগান দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
তারা বলেন, বন্যাকবলিত এলাকায় এইচএসসি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় করা হয়েছে। এ কারণে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তাদের আন্দোলন চলবে।
তারা আরও বলেন, এই আন্দোলনের সূচনা হয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও নগরীর ২ নম্বর গেট থেকে। এর ন্যায্য সমাপ্তিও এখানেই হবে। সবাই ঐক্যবদ্ধ থাকুন এবং শান্তিপূর্ণভাবে নিজেদের ন্যায্য দাবি আদায় করুন।
এর আগে গতকাল মঙ্গলবার সকাল ১১টা থেকে নগরীর মুরাদপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা। তারা বন্যাকবলিত এলাকায় অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা স্থগিত ও পুনর্নির্ধারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
পূর্বকোণ/পিআর















