চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

সর্বশেষ:

চাঁদার দাবিতে হামলা: ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসী গ্রেপ্তার না হলে ইন্টারনেট বন্ধের হুঁশিয়ারি

চাঁদার দাবিতে হামলা: ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসী গ্রেপ্তার না হলে ইন্টারনেট বন্ধের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক

১৪ জুলাই, ২০২৬ | ৮:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রামে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ‘ডিজিটাল ডট নেট’ (ডিডিএন)- এর কার্যালয়ে ২ কোটি টাকা চাঁদা দাবি ও সশস্ত্র হামলা চালিয়ে ৩৫ লাখ টাকা লুটের ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।

 

ঘটনার সঙ্গে জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে চট্টগ্রাম বিভাগে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

 

আজ মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আইএসপিএবি নেতারা এই ঘোষণা দেন। সম্মেলন শেষে প্রেস ক্লাবের সামনে চট্টগ্রামের বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের শতাধিক কর্মকর্তা-কর্মচারী মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেন।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইএসপিএবি চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক রাজিব শাহরিয়ার রুবেন্স। তিনি বলেন, গত শনিবার (১১ জুলাই) ডিডিএনের মালিক আদিল বিন মামুনের কাছে একটি বিদেশি নম্বর থেকে ফোন করে ২ কোটি টাকা এককালীন এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। ফোনদাতা নিজেকে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন হিসেবে পরিচয় দেন। চাঁদা না দিলে ব্যবসা বন্ধ করার হুমকিও দেওয়া হয়।

 

হুমকির পর, গতকাল সোমবার দুপুরে একদল সশস্ত্র সন্ত্রাসী ডিডিএনের কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এই ঘটনার পর থেকে ইন্টারনেট খাতের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং অনেকেই নিরাপত্তার অভাবে কর্মস্থলে যেতে ভয় পাচ্ছেন।

 

আইএসপিএবি নেতারা বলেন, দেশের অর্থনীতি, প্রশাসন ও জনসেবার বড় অংশই এখন ইন্টারনেটনির্ভর। তাই এই খাতের ওপর হামলা দেশের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার একটি বড় অপচেষ্টা। জনস্বার্থ বিবেচনা করে এখন পর্যন্ত সেবা চালু রাখা হলেও, বেঁধে দেওয়া ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা না হলে তারা চট্টগ্রাম বিভাগে সম্পূর্ণ ইন্টারনেট সেবা বন্ধ করে দিতে বাধ্য হবেন।

 

সংবাদ সম্মেলনে প্রশাসনের কাছে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, সব আইএসপি প্রতিষ্ঠান ও নেটওয়ার্ক অবকাঠামোর নিরাপত্তা জোরদার করা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ গ্রহণ করা।

 

সংবাদ সম্মেলনে আইএসপিএবি কেন্দ্রীয় কমিটির পরিচালক রাশিদুর রহমান রাজনসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পর্যায়ের ইন্টারনেট ব্যবসায়ী ও শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট