চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় ছুরিকাঘাতে ইলেকট্রিক মিস্ত্রি রিফাত হত্যা মামলার প্রধান আসামি মো. শামীমসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
গ্রেপ্তারকৃতরা হলো-চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া এলাকার মো. সেলিমের ছেলে মো. শামীম (৩৫), নগরীর পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী এলাকার মো. শামশুল আলমের ছেলে মো. সাজ্জাদ আলম শুভ (৩২), হালিশহর থানাধীন মাউজপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মারুফ (২৭) ও একই এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে সুমন (৩০)।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।
তিনি জানান, নিহত রিফাত পাহাড়তলী থানার আব্দুপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে গত ২৩ জুন সকালে সাজ্জাদ আলম শুভ কৌশলে রিফাতকে তার বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে দক্ষিণ কাট্টলী এলাকায় শামীম ও মারুফসহ অজ্ঞাতনামা আরও দুই তিন জন রিফাতের ওপর হামলা চালায়। হামলার একপর্যায়ে শামীম ধারালো ছুরি দিয়ে রিফাতের পায়ে আঘাত করে। গুরুতর আহত রিফাত চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত রিফাতের ভাই বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করে পাহাড়তলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, গতকাল রবিবার গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড থানার জলিল টেক্সটাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে এ মামলার প্রধান আসামি মো. শামীম ও ২নং আসামি সাজ্জাদ আলম শুভকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকেলে বায়েজিদ বোস্তামী থানার বালুছড়া এলাকায় অভিযান চালিয়ে ৩নং আসামি মারুফকে এবং হালিশহর মাইজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তদন্তে প্রাপ্ত আসামি সুমনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পূর্বকোণ/পিআর
















