২০১৮ সালের ২৪ অক্টোবর নগরীর কোতোয়ালী থানার ফিরিঙ্গীবাজার ব্রিজঘাটে ২০ হাজার ইয়াবাসহ ধরা পড়ার ঘটনায় দায়ের করা মামলায় ট্রাক চালক ও হেলপারসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৬ জুলাই) চট্টগ্রামের অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ ইয়াছমিন আরার আদালত এ রায় দেন।
আদালতের বেঞ্চ সহকারী সাইফুর রহমান বলেন, পাঁচজন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো. আব্দুর রহিম স্বপন ও মো. সোহেলকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় মো. জসিমকে একটি ধারায় ১০ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর ধারায় তিন বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৪ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালায়। এ সময় ঢাকা মেট্রো-ন-১৭-৮৪৮২ নম্বরের একটি মিনি ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে ট্রাকটির ডান পাশের ডালার ভেতরে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আব্দুর রহিম স্বপন ও সোহেলকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানান, পলাতক আসামি জসিমের নির্দেশে টেকনাফ থেকে ইয়াবার চালানটি ফেনীতে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন। পরে এ ঘটনায় নগরের কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন ডিবির এসআই মো. আব্দুল হালিম।
পূর্বকোণ/আরআর/পারভেজ















