চট্টগ্রাম সোমবার, ০৬ জুলাই, ২০২৬

শাহ আমানত বিমানবন্দর: স্বর্ণ ফেলে চক্রের ঝোঁক সিগারেট-ক্রিমে
প্রতীকী ছবি

শাহ আমানত বিমানবন্দর: স্বর্ণ ফেলে চক্রের ঝোঁক সিগারেট-ক্রিমে

ইমাম হোসাইন রাজু

৬ জুলাই, ২০২৬ | ৮:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের ব্যাগেজ রুলসের অপব্যবহার করে শুল্ক ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ বাণিজ্যিক পণ্য নিয়ে আসার প্রবণতা দেখা গেছে। বিগত ৬ মাসে (ডিসেম্বর ২০২৫ থেকে মে ২০২৬) মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীদের লাগেজে তল্লাশি চালিয়ে সাড়ে ২৪ হাজার কার্টনের বেশি বিদেশি সিগারেট এবং পৌনে ৯ হাজার পিস বিউটি ক্রিম জব্দ করেছে কাস্টমস। বিমানবন্দর কাস্টমসের মালামাল জব্দের সাম্প্রতিক তথ্য বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে।

তথ্য অনুযায়ী, গত ৬ মাসে বিমানবন্দর ইউনিট মোট ২৪ হাজার ৩৫৩ কার্টন অবৈধ সিগারেট জব্দ করেছে। এর মধ্যে গত ডিসেম্বর ২০২৫-এ সবচেয়ে বেশি ৬ হাজার ৫৪২ কার্টন সিগারেট ধরা পড়ে। এরপর ২০২৬-এর জানুয়ারিতে ১ হাজার ৯৯৭ কার্টন, ফেব্রুয়ারিতে ৪ হাজার ৩৩৪ কার্টন এবং মার্চে ১ হাজার ৪৫৬ কার্টন সিগারেট আটক হয়। সর্বশেষ এপ্রিল ও মে মাসে এই প্রবণতা আবারও বেড়ে যথাক্রমে ৪ হাজার ১৯১ কার্টন এবং ৫ হাজার ৮৩৪ কার্টন সিগারেট জব্দ করা হয়, যার সাথে মে মাসে আরও ১ হাজার ৬৫ পিস খোলা সিগারেটও ছিল।

 

এদিকে, সিগারেটের পাশাপাশি ব্যবসার উদ্দেশ্যে কসমেটিকস বা রূপচর্চার ক্রিম নিয়ে আসার হারও সমানতালে বেড়েছে। কাস্টমসের তালিকায় সাধারণ বিউটি ক্রিমের পাশাপাশি ‘গৌরি ক্রিম’ এবং হোয়াইটেনিং সিরামের বড় সংখ্যার উল্লেখ রয়েছে। গত ৬ মাসে বিমানবন্দরটিতে মোট ৮ হাজার ৭৫৬ পিস ক্রিম ও সিরাম জব্দ করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ডিসেম্বরে ১ হাজার ৬৪৯ পিস বিউটি ক্রিম, জানুয়ারিতে ৫৮১ পিস বিউটি ও গৌরি ক্রিম এবং ফেব্রুয়ারিতে ২ হাজার ২১৪ পিস বিউটি ক্রিম জব্দ করে কাস্টমস। মার্চ মাসে ৯২২ পিস বিউটি ক্রিম এবং ১৮ পিস গৌরি ক্রিম আটক করা হয়। অন্যদিকে এপ্রিলে ৬৫২ পিস বিউটি ক্রিম, ২০৯ পিস গৌরি ক্রিম ও ১৩৮ পিস হোয়াইটেনিং সিরাম এবং মে মাসে এক চালানেই ২ হাজার ৭৫১ পিস বিউটি ক্রিম জব্দ করা হয়।

 

একই সময়ে বিমানবন্দরে সাধারণ সিগারেটের বাইরেও তরুণদের জন্য ক্ষতিকর ও আমদানিতে কড়াকড়ি থাকা ই-সিগারেট, ভ্যাপ, হুক্কা এবং গুটখার মতো মাদকজাতীয় পণ্যও নিয়মিত ধরা পড়ছে। গত ডিসেম্বরে একসাথেই ৩১১ পিস ই-সিগারেট জব্দ করা হয়। এছাড়া জানুয়ারি থেকে মে মাসের মধ্যে নিয়মিত বিপুল পরিমাণ ই-সিগারেটের পার্টস, ভ্যাপ, গুটখা ও জর্দার চালান জব্দ করা হয়েছে। একই সাথে এই ছয় মাসে কাস্টমসের চোখ ফাঁকি দিয়ে নিয়ে আসার সময় মোট ২৩৭ বোতল বিদেশি মদ আটক করা হয়েছে।

 

অন্যদিকে, সাধারণত চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে বড় বড় সোনার চালান আসার খবর আলোচনায় থাকলেও এই ছয় মাসের কাস্টমস তালিকায় ভিন্ন চিত্র দেখা গেছে। তালিকায় শুধু ডিসেম্বর মাসে ২২.১৯ গ্রাম এবং জানুয়ারি মাসে ১১১ গ্রাম কাস্টমস ইউনিট ও ৯১ গ্রাম এয়ারফ্রেইট ইউনিট কর্তৃক সোনা জব্দের তথ্য রয়েছে, যার আনুমানিক মূল্য ২০ লাখ ৩৭ হাজার ৫৯০ টাকা। বাকি ফেব্রুয়ারি থেকে মে- এই চার মাস বিমানবন্দরটিতে কোনো সোনা জব্দের উল্লেখ নেই।

 

বিমানবন্দর সংশ্লিষ্টদের ধারণা, সোনা চোরাচালানে আইনি জটিলতা ও শাস্তি অনেক বেশি হওয়ায় পণ্যের ধরন বদলে কসমেটিকস বা সিগারেটের দিকে ঝুকছে একটি চক্র। কারণ নামী ব্র্যান্ডের বিদেশি সিগারেট ও পাকিস্তানি বা ভারতীয় বিউটি ক্রিমের ব্যাপক চাহিদা ও লাভ বেশি থাকায় সাধারণ যাত্রীদের লাগেজে লুকিয়ে এগুলো আনা তুলনামূলক সহজ।

 

বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ও নজরদারির বিষয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর বলেন, দেশের ২য় বৃহত্তর চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে যেকোনো ধরনের শুল্ক ফাঁকি বা অবৈধ পণ্যের প্রবেশসহ মুদ্রা পাচার ঠেকাতে কাস্টমসসহ সংশ্লিষ্ট সকল সংস্থাগুলোর সমন্বয়ে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে কাজ করে যাচ্ছি। যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো অনিয়ম প্রতিরোধে আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

 

বিমানবন্দরটির জনসংযোগের দায়িত্বে থাকা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, বিমানবন্দর দিয়ে যেকোনো ধরনের শুল্ক ফাঁকি বা অবৈধ পণ্য বহন বাধাগ্রস্ত করতে আগের যেকোনো সময়ের তুলনায় কাস্টমস, গোয়েন্দা সংস্থাগুলো এবং এভিয়েশন সিকিউরিটি যৌথভাবে কাজ করায় সাম্প্রতিক অবৈধভাবে আনা প্রচুর কমার্শিয়াল পণ্য বিমানবন্দরের কাস্টমস হলে আটক হচ্ছে। দুঃখজনক হলো অনেক সময় সাধারণ প্রবাসীরা না বুঝেই চোরাকারবারি চক্রের ফাঁদে পড়ে নিজেদের লাগেজে এসব বাণিজ্যিক পণ্য বহন করেন, যা আইনত দণ্ডনীয়। আমরা প্রতিনিয়ত যাত্রীদের এ বিষয়ে সচেতন করার চেষ্টা করছি যাতে তারা অন্য কারও দেওয়া প্যাকেট বা পণ্য না আনেন।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট