বার বার সতর্ক করার পরও শোধরায় না পূরবী বেকারি। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চলছে খাদ্য পণ্য উৎপাদন। আজ রবিবার (৫ জুলাই) নগরীর স্টেশন রোডে প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান চালিয়ে লাখ টাকা জরিমানা করেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।
তিনি পূর্বকোণ অনলাইনকে জানান, আমরা এখন পর্যন্ত পূরবী বেকারিতে ৩ বার অভিযান চালিয়েছি, একবার তো সিলগালা করে দিয়েছিলাম। তখন বেকারির মালিক মুছলেকা দিয়েছিলেন যে, তিনি কারখানার পরিবেশ উন্নত করবেন, মানসম্মত উপকরণ ব্যবহার করে খাদ্য পণ্য উৎপাদন করবেন। কিন্তু তিনি তেমন কিছুই করেননি, কয়েকটি টেবিল চেয়ার আর ফ্লোর পরিস্কার করা ছাড়া। আজকে অভিযানে কারখানার বেহাল দশা দেখা গেলো। টিনের চালা ফুটো হয়ে খাবার তৈরির জন্য রাখা ডালডার ওপর বৃষ্টির পানি পড়ছে। চারিদিকে মাকড়সার জাল ও স্যাঁতসেতে পরিবেশ। শেষ বারের মতো সর্তক করা হয়েছে। সংশোধন না হলে আমরা কঠোর ব্যবস্থা নেবো।
কারখানাটির ম্যানেজার সেলিম বলেন, ময়লা ও নোংরা পরিবেশ বা কর্মীদের স্বাস্থ্যবিধি না মানা আমাদের ভুল। আমরা এসব সংশোধন করবো। ভুল ও অবহেলার জন্য দুঃখ প্রকাশ করছি।
পূর্বকোণ/রাজীব/পারভেজ















