নগরীর বন্দর থানার ধুমপাড়া সাগরপাড় এলাকায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
শনিবার (৪ জুলাই) রাত আনুমানিক ৮টা ২৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা চট্টগ্রাম মেট্রো-হ-২০-৮৬৬৯ নম্বরের একটি মোটরসাইকেলে পতেঙ্গা থেকে ফৌজদারহাটমুখী যাচ্ছিলেন। পথে ধুমপাড়া সাগরপাড় সড়কে পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়।
নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হয়েছে। তিনি আসাদুল ইসলাম (৫০)। তাঁর বাবার নাম রুস্তম আলী হাওলাদার। তিনি নগরের পাহাড়তলী থানার সাগরিকা হাজী ক্যাম্প এলাকার বাসিন্দা।
অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
পুলিশ জানিয়েছে, সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।















