বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) ২০২৬ সালের নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন পিএইচপি ফ্যামেলির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন চৌধুরী। সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন মো. সেলিম উদ্দিন।
শনিবার (৪ জুলাই) সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত চট্টগ্রামের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সহসভাপতি পদে মো. নূর উদ্দিন ও গাজী মোকাররম আলী চৌধুরী নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. জাহিদুল হক, মো. তসলিম উদ্দিন, এসএম নুরুন্নবী, মো. ফেরদৌস ওয়াহিদ, উবায়দা আসাদী, হোসাইনুল আরেফিন এবং একেএম সাইফুল্লাহ সাইদ। দুটি সহসভাপতি পদের বিপরীতে তিনজন এবং সাতটি নির্বাহী সদস্য পদের বিপরীতে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন নির্বাচন-২০২৬ পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মো. আফতাব উদ্দিন চৌধুরী। তিনি জানান, সংগঠনের ৮৫ জন ভোটারের মধ্যে ৭১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
তিনি বলেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।
ভোটদান শেষে পিএইচপি ফ্যামেলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী বলেন, দীর্ঘদিন পর শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হলো। অত্যন্ত স্বতঃস্ফূর্ত ও আনন্দঘন পরিবেশে আমরা ভোটাধিকার প্রয়োগ করেছি। নির্বাচিত নেতৃত্ব সবার সঙ্গে সমন্বয় রেখে এ শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আশা করি।
তিনি বলেন, বাংলাদেশে ব্যাসিক স্টিল উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামালের বড় একটি অংশ বিদেশ থেকে আমদানি করতে হয়। শিপ ব্রেকিং শিল্প দেশের লৌহজাত কাঁচামালের অন্যতম প্রধান উৎস। এটি দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাত। নতুন নেতৃত্ব আন্তর্জাতিক অঙ্গনে এ শিল্পের সুনাম আরও বাড়ানোর পাশাপাশি দেশের লৌহজাত পণ্যের চাহিদা সাশ্রয়ী মূল্যে পূরণে কার্যকর ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
শিপ ব্রেকিং ইয়ার্ড এসএন করপোরেশনের মালিক এবং ইস্টার্ন ব্যাংক পিএলসির চেয়ারম্যান শওকত আলী চৌধুরী বলেন, শিপ ব্রেকিং শিল্পের উন্নয়নে আমাদের পরিকল্পনা সরকারের কাছে তুলে ধরা হবে। একই সঙ্গে দেশ ও সমাজের উন্নয়নে প্রয়োজনীয় কিছু দাবি জানানো হবে। অতীতে অধিকাংশ ইয়ার্ড আধুনিক ও পরিবেশবান্ধব ছিল না। বর্তমানে আন্তর্জাতিক মান অনুসরণ করে পরিবেশসম্মত ইয়ার্ড গড়ে তোলার কাজ চলছে। ইতোমধ্যে অনেক ইয়ার্ড গ্রিন শিপ রিসাইক্লিং ইয়ার্ডে রূপান্তরিত হয়েছে।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মহসিন চৌধুরী বলেন, শিপ ব্রেকিং শিল্পের উন্নয়ন ও আধুনিকায়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। এ শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারের নীতিগত সহায়তা প্রয়োজন। শিল্পের স্বার্থে প্রয়োজনীয় বিষয়গুলো সরকারের কাছে তুলে ধরা হবে।















