চট্টগ্রাম অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আনতে অনুমোদন পাওয়া ৬টি বৃহৎ প্রকল্প বাস্তবায়িত হলে পুরো অঞ্চলের চিত্র পাল্টে যাবে বলে মন্তব্য করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। একই সঙ্গে এসব প্রকল্প অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী ও অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ব্যবসায়ী নেতারা।
আজ শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক।
এ সময় আমিরুল হক বলেন, আনোয়ারা উপজেলায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্প, চট্টগ্রাম সিটি আউটার রিং রোড (পতেঙ্গা-সাগরিকা), চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন, ঢাকা-কুমিল্লা কর্ড লাইন রেলপথ, কক্সবাজারের রামুর রশিদনগরে বিশ্বমানের ফুটবল টেকনিক্যাল সেন্টার নির্মাণ এবং আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-বদরখালী-চকরিয়া (ঈদমনি) আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের শিল্প, বাণিজ্য, যোগাযোগ ও বিনিয়োগে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসবে।
তিনি প্রধানমন্ত্রী এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রীকে এসব প্রকল্প অনুমোদনের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানান।
আমিরুল হক আরও বলেন, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি হিসেবে আমীর খসরু মাহমুদ চৌধুরী বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের গুরুত্ব বিবেচনায় নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। তাঁর উপস্থাপিত বাজেট দেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারের লক্ষ্যে এগিয়ে নিতে সহায়ক হবে। বাজেটে করছাড় বৃদ্ধি এবং ব্যবসা-বাণিজ্যে গতি ফেরাতে প্রণোদনার ঘোষণাও ব্যবসায়ীদের জন্য ইতিবাচক বার্তা বহন করছে।
বিমানবন্দরে মন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য মোহাম্মদ এরশাদ উল্লাহ, আবু সুফিয়ান ও এনামুল হক এনাম, সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. বেলায়েত হোসেন, বিজিএমইএর প্রথম সহ-সভাপতি মো. সেলিম রহমান, চেম্বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি এম এ ছালাম, সাবেক সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম, ইতালির অনারারি কনসাল মির্জা সালমান ইস্পাহানী, ইস্টার্ন ব্যাংক পিএলসির চেয়ারম্যান শওকত আলী চৌধুরী, বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মনোয়ার হোসেন, আবুল খায়ের গ্রুপের ডিএমডি আবু সাঈদ চৌধুরী, চেম্বারের পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, মো. জাহিদুল হাসান, মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী ও সরোয়ার আলম খান, বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলী হুসেইন আকবর আলী, চেম্বারের সাবেক পরিচালক হাসনাত মো. আবু ওবাইদাসহ ব্যবসায়ী নেতারা।












