অবৈধ ও নকশাবহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযানে চার ভবন সিলগালা ও সাত ভবন মালিককে ৪০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। একইসঙ্গে আরও তিনটি ভবনের মালিককে সতর্ক করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) নগরীর একাধিক এলাকায় সিডিএ’র বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীন ১৫টি ভবনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সিডিএ সূত্রে জানা যায়, কল্পলোক আবাসিকে বাধ্যতামূলক সেটব্যাক (প্লটের সীমানা থেকে নির্ধারিত খালি স্থান) না রাখা, অনুমোদিত নকশা থেকে বিচ্যুতি এবং নির্মাণবিধি লঙ্ঘনের অভিযোগে চারটি ভবনের মালিককে মোট ২৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে একটি ভবন সিলগালা করা হয়। এ সময় কল্পলোক আবাসিক এলাকায় ফুটপাত দখল করে নির্মিত বেশ কয়েকটি দোকান মালিককে নিজ উদ্যোগে সেগুলো অপসারণের নির্দেশ দেওয়া হয়। পরে কে বি আমান আলী রোড এলাকায় সেটব্যাক না রেখে এবং সড়ক দখল করে ভবন নির্মাণের অভিযোগে এক ভবন মালিককে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া একই অভিযানে মোহরা এলাকায় অভিযান চালিয়ে অনুমোদিত নকশা ছাড়া ভবন নির্মাণের অভিযোগে একটি ভবন সিলগালা করা হয়। এছাড়া নকশাবহির্ভূত নির্মাণের দায়ে দুই ভবনের মালিককে মোট ছয় লাখ টাকা জরিমানা করা হয়। পরে কাপ্তাই রাস্তার মাথায় অবস্থিত ক্যাফে আল মক্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভবনে অভিযানে ভবনটি সিডিএর অনুমোদিত নকশা ছাড়া নির্মাণের প্রমাণ মেলায় ভবনটি সিলগালা করা হয়। একই অভিযানে ১৪ তলা কাজী টুইন টাওয়ার ভবনের মালিকপক্ষ অনুমোদিত নকশা উপস্থাপন করতে না পারায় ভবনটিও সিলগালা করা হয়।
অভিযানে সিডিএর সহকারী অথরাইজড অফিসার আসাদ বিন আনোয়ার, সহকারী অথরাইজড অফিসার ফারুক আহাম্মদ এবং সংশ্লিষ্ট ইমারত পরিদর্শকেরা উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/আরআর/এএইচ











