আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা। বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্যে দিয়ে এবারের এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এবারের পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২৮৩টি কলেজের ৯৯ হাজার ৮৫৭ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা রয়েছে।
এদিকে, এইচএসসি ও আলিম পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির ২৮৩টি কলেজের মোট ৯৯ হাজার ৮৫৭ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা রয়েছে। যার মধ্যে বিজ্ঞান বিভাগের ১১ হাজার ২৭০ জন ছাত্র ও ১২ হাজার ৬৫৭ জন ছাত্রীসহ মোট ২৩ হাজার ৯২৭ জন, মানবিক বিভাগে ৪৪ হাজার ৩১৫ জন, যার মধ্যে ১৬ হাজার ৩৯০ জন ছাত্র ও ২৭ হাজার ৯২৫ জন ছাত্রী। এছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগে ১৫ হাজার ৬৩২ জন ছাত্র এবং ১৫ হাজার ৯৭৫ জন ছাত্রীসহ ৩১ হাজার ৬০৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।
বোর্ডের তথ্য অনুযায়ী, অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে কেবল চট্টগ্রাম জেলার পরীক্ষার্থীর সংখ্যা ৭১ হাজার ১১৬ জন। কক্সবাজারে ১২ হাজার ২৭২, রাঙামাটি জেলায় ৫ হাজার ৪৪২, খাগড়াছড়িতে সাত হাজার ৩৫৫ জন ও বান্দরবান জেলায় তিন হাজার ৬৭২ জন পরীক্ষার্থী রয়েছেন।
জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, পরীক্ষা আয়োজনে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য শিক্ষা বোর্ডের পক্ষ থেকে ২৩টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এর মধ্যে ১৫টি সাধারণ এবং আটটি বিশেষ টিম।
চট্টগ্রাম বোর্ডের অধীনে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১৪টি কেন্দ্রে। চট্টগ্রাম জেলার ৬৮টি কেন্দ্রের মধ্যে ২৬টি কেন্দ্র চট্টগ্রাম মহানগরে। এর বাইরে কক্সবাজারে ১৮টি, বান্দরবানে আটটি এবং রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় ১০টি করে কেন্দ্র রয়েছে।
সিএমপির একগুচ্ছ নির্দেশনা: পরীক্ষা কেন্দ্রেসমূহের ২০০ গজ পরিধির মধ্যে পরীক্ষা শুরু হবার এক ঘণ্টা পূর্ব হতে পরীক্ষা শেষ পরবর্তী এক ঘণ্টা পর্যন্ত অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্ষা, বন্দুক, ছোরা, লাঠি, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর প্রভৃতি বহন ও ব্যবহার নিষিদ্ধ। এছাড়া মিছিল, সভা-সমাবেশ, অনুষ্ঠান, উচ্চস্বরে চিৎকার, হৈ চৈ, গান-বাজনা, মাইক্রোফোন, লাউড স্পিকার বা অন্য কোন শব্দ উৎপাদনকারী যন্ত্র বহন ও ব্যবহার এবং ফটোকপি মেশিন বন্ধ রাখতে হবে। বহিরাগত ও অননুমোদিত ব্যক্তির প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।
পূর্বকোণ/পারভেজ















