চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসার দুদিনব্যাপী ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলনে কাল (শুক্রবার) যোগ দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১১টার দিকে তাদের মাদ্রাসায় পৌঁছানোর কথা রয়েছে। সফর সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সম্মেলনের দুই দিনই উপস্থিত থাকবেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর।
মন্ত্রীদের আগমনের বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম জানান, বিশিষ্ট অতিথিদের আগমন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষাসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সফরটি সুন্দর ও সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাদে ফজর মাদ্রাসা প্রাঙ্গণে আম বয়ানের মাধ্যমে দুই দিনব্যাপী এই মহাসম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও জামিয়া বাবুনগরের প্রধান পরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে সম্মেলনে অংশ নিচ্ছেন দেশের শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখ ও ধর্মীয় ব্যক্তিত্বরা।
১০৪তম এই বার্ষিক দ্বীনি মহাসম্মেলনকে কেন্দ্র করে ফটিকছড়ি ও আশপাশের এলাকায় ধর্মপ্রাণ মানুষের মাঝে চরম উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে এবং মাদ্রাসা প্রাঙ্গণে মানুষের ঢল নেমেছে।
পূর্বকোণ/এমএইচ/পারভেজ


















