চট্টগ্রাম শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবককে পিটিয়ে হত্যা, আহত ১

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবককে পিটিয়ে হত্যা, আহত ১

অনলাইন ডেস্ক

৩০ অক্টোবর, ২০২৬ | ৬:৩৮ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মারধরে মো. আয়াস (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত আয়াস ওই ক্যাম্পের করিম উল্লাহর ছেলে এবং আহত ছৈয়দ মোহাম্মদ (২৪) একই ক্যাম্পের ফকির আহমেদের ছেলে। নিহত ও আহত দুজনই রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সদস্য বলে জানা গেছে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ জানান, বৃহস্পতিবার রাতে আয়াস ও ছৈয়দ মোহাম্মদকে নিজ ঘর থেকে তুলে নিয়ে নিজেদের হেফাজতে নেয় আরসা সদস্যরা। পরে তাদের ওপর নির্মম নির্যাতন চালানো হয়। এতে ঘটনাস্থলেই আয়াসের মৃত্যু হয়।

তিনি আরও জানান, আহত ছৈয়দ মোহাম্মদকে ক্যাম্পসংলগ্ন এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে এ ঘটনার সাথে আরসার সদস্য মো. সলিম, নজিম উল্লাহ, ফয়সাল, আকরাম ও হানিফসহ কয়েকজনের সম্পৃক্ততা পাওয়া গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট