বান্দরবানের লামা উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক শিশুসহ দুজন নিহতের ঘটনা ঘটেছে। একই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে ফাঁসিয়াখালী ইউনিয়নের হ্লাথুই পাড়া ও বড় ছনখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হ্লা থুই পাড়ার খিয়াংচিং মার্মা ও মাবু মার্মানীর ছেলে মং প্রু মার্মা (৪০) এবং বড় ছনখোলা এলাকার মোহাম্মদ ছাদেক ও বেবী আক্তারের ছেলে মো. সজিব (১১)। নিহত মং প্রু মার্মা নাইক্ষ্যংমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আহতরা হলো বড় ছনখোলা এলাকার নুর মনু (১২) ও মোহাম্মদ হানিফ (৮)। বর্তমানে আহতরা চকরিয়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানায়, সোমবার বিকেল ৫টার দিকে হ্লা থুই পাড়ার মং প্রু মার্মা তার বাবার সাথে বাড়ির পাশের জমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। একই সময়ে বড় ছনখোলা এলাকার বাড়ির উঠানে অন্য শিশুদের সাথে খেলার সময় বজ্রপাতে শিশু সজিবসহ তিনজন আহত হয়। পরে তাদের দ্রুত চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামার কুমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামিল হোসেন বলেন, একই সময়ে বজ্রপাতে ফাঁসিয়াখালী ইউনিয়নের পৃথক দুই স্থানে দুজন মারা গেছে এবং আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
পূর্বকোণ/রানা/পারভেজ



















