পার্বত্য জেলার পাহাড়ের আঁকাবাঁকা পথ, সবুজের সমারোহ আর মেঘ-ঝর্ণার মিতালি- প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য উপভোগ করতে দুর্গাপূজার দীর্ঘ ছুটিতে পর্যটন স্পটগুলোতে নেমেছে পর্যটকের ঢল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পাহাড়ের পর্যটনকেন্দ্রগুলো।
দীর্ঘ ছুটির সুযোগে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে এক স্পট থেকে অন্য স্পটে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকেরা। কেউ পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছেন, আবার কেউ ব্যস্ত ছবি ও সেলফি তুলতে। পর্যটন স্পটগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। খাগড়াছড়িতে রয়েছে আলুটিলা, দেবতাপুকুর, রিছাং ঝর্ণা, তৈদুছড়া, পানছড়ির শান্তিপুর অরণ্য কুটির, মায়াবিনী লেক, জেলা পরিষদ পার্ক, হাতির মাথাসহ বেশ কয়েকটি দর্শনীয় স্থান। পাহাড়, ঝর্ণা ও প্রাকৃতিক সৌন্দর্যের টানে সারা বছরই এসব স্পটে পর্যটকদের আনাগোনা থাকে। তবে এবারের দীর্ঘ ছুটিতে বেড়েছে পর্যটকের ভিড়। জেলার অন্যতম আকর্ষণ আলুটিলা। রহস্যঘেরা গুহায় বাঁশের চোঙায় আলো জ্বালিয়ে গুহার ভেতরে ঘুরে দেখার অভিজ্ঞতা উপভোগ করছেন পর্যটকেরা। প্রতি শুক্র ও শনিবার এখানে স্থানীয় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। নাচ-গানের মাধ্যমে পর্যটকদের দেওয়া হয় বাড়তি বিনোদন। পর্যটকদের আকর্ষণ বাড়াতে আলুটিলা পর্যটন স্পটটিকে নতুন রূপে সাজানোর কাজ করছে জেলা প্রশাসন। উন্নয়নমূলক এসব কাজ এখনো চলমান রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার শাহাদাত। তিনি জানান, দুর্গাপূজার ছুটিতে পর্যটকদের নিরাপত্তায় জোরদার করা হয়েছে বিশেষ ব্যবস্থা।
এদিকে পর্যটকদের আকর্ষণ বাড়াতে খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কে নতুন করে যুক্ত হয়েছে জায়ান্ট সুইং, জিপ লাইন ও কিডস জোন। নতুন এসব বিনোদন সুবিধা চালুর পর পার্কটিতে পর্যটকের উপস্থিতিও বেড়েছে। বিকেল হলেই নারী-পুরুষ, শিশু-কিশোর ও তরুণ-তরুণীদের ভিড়ে মুখর হয়ে ওঠে পার্কটি।
জায়ান্ট সুইং ও জিপ লাইনে চড়ে আনন্দ উপভোগের পাশাপাশি স্মৃতি ধরে রাখতে ছবি ও সেলফি তুলছেন দর্শনার্থীরা। পার্কের লেকে রয়েছে স্পিডবোট। পাশাপাশি রয়েছে ঝুলন্ত সেতু। পরিবার-পরিজন নিয়ে এসব বিনোদন উপভোগ করছেন পর্যটকেরা।
দুর্গাপূজার ছুটিতে এবার পর্যটকদের উপস্থিতি বেশ ভালো বলে জানিয়েছেন পর্যটন এলাকাটির দায়িত্বে থাকা কর্মকর্তা কান্তি লাল ত্রিপুরা।
নতুন বিনোদন সুবিধা যুক্ত হওয়ায় জেলা পরিষদ পার্কে পর্যটকের সংখ্যা বেড়েছে। বিশেষ করে তরুণ-তরুণী ও পরিবার নিয়ে আসা দর্শনার্থীদের মধ্যে এসব বিনোদন উপকরণ বেশ জনপ্রিয়তা পেয়েছে। রিছাং ঝর্ণাসহ অন্যান্য পর্যটন স্পটেও দেখা গেছে দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি।
দুর্গাপূজার ছুটিকে ঘিরে পাহাড়ের প্রকৃতি আর বিনোদনের টানে খাগড়াছড়িতে এখন যেন উৎসবের আমেজ।
পূর্বকোণ/মিফতা


















