চট্টগ্রাম শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

চাকা বিচ্ছিন্ন নয়, যান্ত্রিক ত্রুটিতেই ঢাকাগামী বিমানের জরুরি অবতরণ 

কক্সবাজার বিমানবন্দর ব্যবস্থাপকের দাবি

চাকা বিচ্ছিন্ন নয়, যান্ত্রিক ত্রুটিতেই ঢাকাগামী বিমানের জরুরি অবতরণ 

কক্সবাজার সংবাদদাতা

১০ অক্টোবর, ২০২৬ | ৭:২৫ অপরাহ্ণ

কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের চাকা বিচ্ছিন্ন হওয়ার খবরটি সত্য নয় বলে জানিয়েছেন কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক মো. গোলাম মোর্তজা হোসেন। তিনি জানান, উড্ডয়ন সম্পূর্ণ নিরাপদ ছিল; মূলত হাইড্রোলিক সিস্টেমে যান্ত্রিক ত্রুটির কারণেই বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
 
শনিবার (১০ অক্টোবর) দুপুরে কক্সবাজার থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটটির যান্ত্রিক ত্রুটির জেরে নিরাপত্তার স্বার্থে ঢাকা বিমানবন্দরের রানওয়ে প্রায় আধা ঘণ্টা বন্ধ রাখা হয়। তবে পাইলটের দক্ষতায় উড়োজাহাজে থাকা ৮২ জন যাত্রী ও ক্রু সবাই সম্পূর্ণ নিরাপদে রয়েছেন।
 
কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক মো. গোলাম মোর্তজা হোসেন পূর্বকোণকে বলেন, “কক্সবাজার বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সম্পূর্ণ নিরাপদে উড্ডয়ন করেছিল। উড়োজাহাজটির চাকা বিচ্ছিন্ন হওয়ার কোনো ঘটনা ঘটেনি। মূলত আকাশে থাকা অবস্থায় হাইড্রোলিক সিস্টেমে যান্ত্রিক ত্রুটির খবর পাওয়া যায় এবং ঢাকা বিমানবন্দরে পৌঁছানোর পরই জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।”
 
কক্সবাজার এয়ার ট্রাফিক কন্ট্রোল ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ড্যাশ-৮ মডেলের ফ্লাইটটি (বিজি-৪৩৬) দুপুর ১টা ৩৫ মিনিটে ৮২ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। আকাশে থাকা অবস্থায় হাইড্রোলিক সিস্টেমে ত্রুটি দেখা দিলে পাইলট জরুরি অবস্থা ঘোষণা করেন।
 
খবর পেয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও জরুরি উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে দুপুর ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত বিমানবন্দরের রানওয়েতে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে স্থগিত রাখা হয়।
 
পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট