চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ জুন, ২০২৬

পুলিশের তাড়া খেয়ে দুর্ঘটনায় যুবকের মৃত্যু, ইয়াবা উদ্ধার

পুলিশের তাড়া খেয়ে দুর্ঘটনায় যুবকের মৃত্যু, ইয়াবা উদ্ধার

অনলাইন ডেস্ক

১৭ জুন, ২০২৬ | ১১:২৪ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের সিগন্যাল অমান্য করে পালিয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ শহীদ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় তার সহযোগী আবিদ আব্দুল্লাহ (২৫) গুরুতর আহত হন। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বলে জানিয়েছে পুলিশ।

 

আজ বুধবার (১৭ জুন) দুপুর ২টার দিকে বাঁশখালী-পেকুয়া-আনোয়ারা (পিএবি) সড়কের শীলকূপ ইউনিয়নের মনছুরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে । নিহত শহীদ ও আহত আবিদ কক্সবাজার জেলার ঈদগাঁওয়ের চৌফলদণ্ডী গ্রামের নাজির হোসেনের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে একটি নম্বরবিহীন মোটরসাইকেলে করে ইয়াবা নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন ওই দুই যুবক। দুপুর ২টার দিকে উপজেলার পুইছড়ি ইউনিয়নের চেকপোস্টে তাদের থামার সংকেত দেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। কিন্তু তারা সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া করলে প্রায় ৮ কিলোমিটার দূরে শীলকূপ ইউনিয়নের মনছুরিয়া সড়কের একটি স্পিড ব্রেকারে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় । এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মোহাম্মদ শহীদের মৃত্যু হয়। আহত আবিদ আব্দুল্লাহকে চিকিৎসার জন্য বাঁশখালী হাসপাতালে পাঠানো হয়েছে ।

 

বিষয়টি নিশ্চিত করেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক। তিনি বলেন, নিহত শহীদের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট