কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে গণপিটুনিতে নুর হাসান (৩২) ওরফে ‘বাইন্না’ নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত নুর হাসান আলোচিত একজন ডাকাত হিসেবে পরিচিত ছিল বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১ মে) রাতে টেকনাফ উপজেলার লেদা রোহিঙ্গা ক্যাম্পের নুর আলী সড়কের মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুর হাসান রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা মোস্তাফা কামালের ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পিটুনির আগে আশ্রয়শিবিরের পাহাড়ি এলাকায় রোহিঙ্গাদের দুটি সশস্ত্র দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। নুর হাসানও এই দুটি দলের মধ্যে একটির সদস্য ছিলেন। গোলাগুলির ঘটনার পর সন্ধ্যায় নুর হাসান স্থানীয় একটি পাহাড় থেকে অন্য পাহাড়ে যাচ্ছিলেন। এ সময় প্রতিপক্ষের সদস্যরা তাকে দেখতে পেয়ে আটক করেন। পরে তাকে পিটুনি দেওয়া হয়। রাত সাড়ে ৮টার দিকে তাকে উদ্ধার করে প্রথমে আইওএম পরিচালিত হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রোহিঙ্গা ক্যাম্প-২৬ এলাকায় ঘটনাটি ঘটেছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পূর্বকোণ/পিআর





















