বাংলাদেশ সমিতি লেডিস উইং ইউএইর উদ্যোগে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে উদযাপিত হয়েছে শরৎ উৎসব। এ উপলক্ষে শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ সমিতির আবুধাবি কার্যালয়ের অডিটোরিয়ামে ‘শরতের ছোঁয়া’ শীর্ষক দিনব্যাপী এক জমজমাট মিলনমেলার আয়োজন করা হয়।
সংগঠনের অন্যতম সমন্বয়ক দিলুয়ারা সুমির সার্বিক তত্ত্বাবধানে এবং সাংস্কৃতিক সমন্বয়ক সানজিদা আনজুম শিমুলের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি ইউএই কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মোহাম্মদ হোসাইন, শওকত আকবর, নূর মোহাম্মদ ও নাছির তালুকদার প্রমুখ।
শরতের আবহকে বরণ করে নিতে অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা নীল-সাদা শাড়ি, ফতুয়া ও পাঞ্জাবিতে সজ্জিত হয়ে অংশ নেন। তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানস্থল পরিণত হয় এক প্রাণবন্ত উৎসবের মিলনমেলায়।
অনুষ্ঠানে শরৎ বন্দনা, সংগীত পরিবেশনা, দেশাত্মবোধক গান, দম্পতিদের জন্য আকর্ষণীয় খেলাধুলা, ‘লাকি কাপল’ নির্বাচন এবং দেশীয় শাড়ি, চুড়ি ও গহনার সাজে ফ্যাশন শোর আয়োজন করা হয়। নানা বর্ণিল পরিবেশনা ও আনন্দ আয়োজনে অংশ নেন সাবরিনা শাহাবুদ্দিন, নুরজাহান বেগম, ঝর্ণা বেগম, লাকি বেগম, উম্মে আয়েশা লুবা, সানজিদা সালমা চৌধুরী, আফরিন মাসুমা, মুনা, জায়েদ, তাসফিয়া মীম, মিনু আরা মিনা, শাহনাজ রিনা, ইসরাত জাহান আফরিন, রাবেয়া ইসলাম ও তানজিনা মল্লিকসহ অনেকে।
প্রবাসের ব্যস্ত জীবনে বাংলা সংস্কৃতি ও শরতের ঐতিহ্যকে ধারণ করার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য জোরদারে এ আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।


















