চট্টগ্রাম সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬

ছাত্রদল নেতার কার্যালয়ের সামনে কাফনের কাপড় ও চিরকুট

ছাত্রদল নেতার কার্যালয়ের সামনে কাফনের কাপড় ও চিরকুট

অনলাইন ডেস্ক

২৯ নভেম্বর, ২০২৬ | ৯:৩৯ অপরাহ্ণ

নেত্রকোনায় ছাত্রদল নেতা আমিরুল ইসলামের ব্যক্তিগত কার্যালয়ের সামনে দড়িতে ঝুলন্ত অবস্থায় কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে আগামী ১৬ ডিসেম্বরের পর তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। রবিবার সকালে শহরের সাতপাই এলাকার কেডিসি রোড-সংলগ্ন কার্যালয়ের সামনে এগুলো দেখতে পান স্থানীয়রা।
 
হুমকি পাওয়া আমিরুল ইসলাম নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এবং জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি সাতপাই এলাকার বাসিন্দা আকরাম হোসেনের ছেলে। সকালে বিষয়টি জানাজানি হলে আমিরুলসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঘটনাস্থলে যান। পরে পুলিশ গিয়ে আলামত সংগ্রহ করে।
 
চিরকুটে আমিরুলকে ১৬ ডিসেম্বর পর্যন্ত ‘সময়’ দিয়ে এরপর মোক্তারপাড়ার জুলাই চত্বরে নিয়ে মারধর ও ছয়টি গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। নেত্রকোনা থেকে বাড়ি সরিয়ে নেওয়ার সুযোগ নেই বলেও সেখানে উল্লেখ করা হয়। চিরকুটের শেষে ‘সর্বহারা গ্রুপ’ এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ দুটি স্লোগান লেখা রয়েছে।
 
ছাত্রদল নেতা আমিরুল ইসলাম জানান, কারা এ কাজ করেছে তা তিনি বুঝতে পারছেন না। প্রাণনাশের এই হুমকিতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তার মা আতঙ্কে কান্নাকাটি করছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা দাবি করেছেন।
 
এ ঘটনাকে কাপুরুষোচিত উল্লেখ করে নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ চৌধুরী জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
 
নেত্রকোনা থানার ওসি আবুল খায়ের বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আলামত সংগ্রহ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট