নিবন্ধন ছাড়া কেউ সাংবাদিকতা করতে পারবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। রবিবার (২৯ নভেম্বর) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আয়োজিত তথ্য মেলা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ‘তথ্যের অধিকার, আমার অধিকার’ প্রতিপাদ্যে তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়।
তথ্য উপদেষ্টা বলেন, ‘আমরা চাই জার্নালিজম ফ্রি হোক, সহজ হোক। কিন্তু কেউ চাইলেই একটা পোর্টাল খুলে ফেলতে পারবে না। আমরা নিবন্ধনকে সহজ করব, তবে নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবেন না।’
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, তাঁর দেশে ফেরার প্রশ্নই আসে না এবং তিনি কোনো দিন আসতে পারবেন না। আওয়ামী লীগ এখন কেবল ফেসবুকে আছে, আর কোথাও নেই।
তিনি আরও বলেন, ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও আগুন-সন্ত্রাসে জড়িয়ে আওয়ামী লীগ দেশে থাকা দলটির নন-পলাতক নেতা-কর্মীদেরও বিপদে ফেলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের খুঁজছে এবং দ্রুতই গ্রেপ্তার করা হবে।
পূর্বকোণ/এমএইচ/পারভেজ


















