বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১৩ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর অবসর ও কল্যাণ সুবিধার বকেয়া টাকা দ্রুত পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে ২০২২ ও ২০২৩ সালে আবেদন করা শিক্ষক-কর্মচারীদের পাওনা পরিশোধে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে হজযাত্রী ও দুরারোগ্য রোগে আক্রান্ত শিক্ষক-কর্মচারীদের অগ্রাধিকার ভিত্তিতে পাওনা পরিশোধের সুপারিশ করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সিদ্ধান্ত ও সুপারিশ গৃহীত হয়। সংসদীয় কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টে জমে থাকা আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির বিষয়ে আলোচনা হয়। দীর্ঘদিন ধরে আবেদন করেও প্রাপ্য অর্থ না পাওয়ায় শিক্ষক-কর্মচারীদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।
সংসদীয় কমিটির সদস্য আতিকুর রহমান মোজাহিদ জানান, ২০২২ ও ২০২৩ সালে অবসর ও কল্যাণ ভাতার জন্য আবেদন করা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা দ্রুত পরিশোধের সিদ্ধান্ত হয়েছে, যার আওতায় রয়েছেন প্রায় ১৩ হাজার শিক্ষক-কর্মচারী। এ সিদ্ধান্তটি দ্রুত বাস্তবায়িত হলে দীর্ঘদিন ধরে পাওনার অপেক্ষায় থাকা শিক্ষক-কর্মচারীদের বড় ধরনের ভোগান্তি কমবে।
বৈঠকে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর, মো. সেলিমুজ্জামান মোল্যা, মো. জাহান্দার আলী মিয়া, বীথিকা বিনতে হোসাইন, মো. মুজিবুর রহমান এবং আতিকুর রহমান মোজাহিদ অংশ নেন।
পূর্বকোণ/মিফতা/পারভেজ


















