চলতি মৌসুমে আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ মেট্রিক টন। প্রতি কেজি ৩৫ টাকা দরে কৃষকদের কাছ থেকে এ ধান কিনবে সরকার।
রবিবার (৮ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান খাদ্যমন্ত্রী আফরোজা খানম।
খাদ্যমন্ত্রী জানান, কৃষকেরা বিক্রি করতে চাইলে লক্ষ্যমাত্রার বাইরেও ধান সংগ্রহ করা হবে। এ ছাড়া ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল প্রতি কেজি ৪৯ টাকা দরে এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল প্রতি কেজি ৪৮ টাকা দরে সংগ্রহ করবে সরকার।
তিনি জানান, আগামী ১৪ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান সংগ্রহ চলবে। আর চাল সংগ্রহ করা হবে ১ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। চালের বাজার পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, মোটা চালের দাম বাড়েনি, তবে মিনিকেট চালের দাম বেড়েছে।
চাল রপ্তানির সুযোগ অন্তর্বর্তী সরকারের সময় দেওয়া হয়েছিল উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। খাদ্যের অভাবে কেউ মারা যাবে না। কৃষকদের ভালো অবস্থানে নিয়ে যেতে কাজ করছে সরকার।
খাদ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ১৭ লাখ মেট্রিক টন চাল এবং ৩ লাখ মেট্রিক টন গম মজুদ রয়েছে।
পূর্বকোণ/ইবনুর


















