ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার ছয়টি গ্রাম নিয়ে আখাউড়া উপজেলার নতুন ইউনিয়ন গঠনের প্রতিবাদে রেলপথ ও সড়ক পথ অবরোধ ৭২ ঘণ্টার জন্য স্থগিত করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের এমপি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলন ৭২ ঘণ্টার জন্যে স্থগিত করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম জানান, মানুষের দুর্ভোগের বিষয়ে চিন্তা করে আমরা তাদের আন্দোলন প্রত্যাহার করে আলোচনার মাধ্যমে সমাধানের জন্যে অনুরোধ করেছি। তারা আমাদের কথায় সম্মত হয়েছেন। তাদের পাঁচ সদস্যের একটি দলসহ জেলা প্রশাসনের সঙ্গে আলোচনার জন্যে যাব। সেখানে এমপি সাহেবও থাকবেন।
এর আগে, সকাল ৭টা থেকে কোড্ডা এলাকায় এই বিক্ষোভ কর্মসূচি শুরু করেন বিক্ষুব্ধরা। এসময় বিক্ষুব্ধরা ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথ অবরোধ করেন। পাশাপাশি অবরোধ করেছেন সুলতানপুর-আগরতলা সড়ক।
খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে ৬টি গ্রাম নিয়ে সম্প্রতি বরিশল ইউনিয়ন গঠন করা হয়৷ নতুন এই ইউনিয়নটি যুক্ত করা হয় আখাউড়া উপজেলার সঙ্গে। এ বিষয়টি মেনে নিতে পারেননি বাসুদেব ইউনিয়নের বাসিন্দারা। এনিয়ে বেশ কয়েকবার আন্দোলন করেও কোনো সুফল পায়নি তারা। ফলে, সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন অখণ্ড ও পুনর্বহাল রাখার দাবিতে এবং সদর উপজেলাকে বিভক্ত করার ষড়যন্ত্রের প্রতিবাদে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
রেলপথ অবরোধ পালন করায় উভয় পাশে ট্রেন চলাচল বন্ধ থাকে। আটকা পড়ে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস। এছাড়াও সকালে সিলেটগামী পারাবত এক্সপ্রেস, চট্টগ্রামগামী সোনার বাংলা ও কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস যাত্রায় বিঘ্ন ঘটে।
পূর্বকোণ/নুসরাত


















