বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে এসে জয়পুরহাটের কালাই উপজেলায় ২ শতাধিক মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গোলাম রতন (৪৬) নামে একজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত কালাই উপজেলার ঐতিহাসিক নান্দাইলদীঘি কলেজ মাঠে অনুষ্ঠানটির দৃশ্যধারণ চলছিল।
আটক গোলাম রতন জয়পুরহাটের সদর উপজেলার ভাদসা এলাকার গোলাম রব্বানীর ছেলে। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এ পরিদর্শক।
অনুষ্ঠান আয়োজক ও স্থানীয় সূত্রে জানা যায়, হানিফ সংকেতের পরিকল্পনা ও পরিচালনায় ‘ইত্যাদি’র এই জমজমাট দৃশ্যধারণ দেখতে সকাল থেকেই দূরদূরান্ত থেকে প্রায় ১০ হাজার দর্শক ভিড় জমান। দর্শকদের নিরাপত্তা জোরদারে জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে আড়াই শতাধিক পুলিশ সদস্য, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ৫০ জন স্কাউট এবং ১০০ জন স্থানীয় স্বেচ্ছাসেবক মাঠে নিয়োজিত ছিলেন।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন কঠোর নিরাপত্তার চোখ ফাঁকি দিয়ে সক্রিয় হয়ে ওঠে পেশাদার চোর ও পকেটমার চক্র। হাজারো দর্শকের ভিড়ের সুযোগ নিয়ে অনুষ্ঠান চলাকালীন দর্শকদের পকেট ও ব্যাগ থেকে একের পর এক মোবাইল ফোন চুরি হতে থাকে। অনুষ্ঠান শেষ হতেই ভুক্তভোগীরা বুঝতে পারেন যে, তাদের অন্তত ২ শতাধিক মোবাইল উধাও হয়ে গেছে।
এ বিষয়ে কালাই থানার ইন্সপেক্টর (তদন্ত) ইমায়েদুল জাহেদী জানান, অনুষ্ঠান শেষে প্রায় ৭০ থেকে ৮০ জন ভুক্তভোগী থানায় এসে মৌখিক অভিযোগ করেছেন। পুলিশের ধারণা, সব মিলিয়ে চুরি যাওয়া ফোনের সংখ্যা দেড়শ থেকে দুই শতাধিক হবে। এ ঘটনায় ওই অনুষ্ঠানস্থল থেকে চুরির অভিযোগে গোলাম রতন নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে।-একটি অনলাইন বার্তা সংস্থার খবর
পূর্বকোণ/নুসরাত


















