চট্টগ্রাম সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ

জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ

অনলাইন ডেস্ক

১২ অক্টোবর, ২০২৬ | ১২:৪৫ অপরাহ্ণ

রাজধানী ঢাকার উত্তরায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ উঠেছে। এ সময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।

 

সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৩৩ নম্বর সড়কে অবস্থিত বাড়িটিতে হামলা হয়।

 

জানা গেছে, ৮ থেকে ১০ জন যুবক বাসভবনের সামনে এসে বিভিন্ন স্লোগান দেন এবং ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালান। এ সময় ‘ভারতের দালাল’ স্লোগান দেওয়ার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের অভিযোগ তুলে বিক্ষোভ করা হয়।

 

ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

 

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া আন্দোলনকারীরা অভিযোগ করেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে শত শত মানুষের প্রাণহানির বিনিময়ে অর্জিত পরিবর্তনের পরও জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্ব এখনো ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও ভারতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে গোপনে যোগাযোগ রক্ষা করে চলছে। 
 
 
বক্তারা বলেন, বিগত তিনটি জাতীয় নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টি বিগত সরকারকে রাজনৈতিকভাবে বৈধতা দেওয়ার ভূমিকা পালন করেছিল। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো দোসরকে রাজনৈতিক পুনর্বাসন পেতে দেওয়া হবে না।
 
 
পাশাপাশি অবিলম্বে জিএম কাদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা।

পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট