রাজধানীর তেজগাঁও কলেজের একটি মসজিদ থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর মসজিদে গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পুলিশের কাছে তথ্য ছিল, নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যরা নগরীর বিভিন্ন এলাকা থেকে এসে ওই মসজিদে জড়ো হবেন। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
ওই কর্মকর্তা বলেন, আটক ২৩ জন একই সংগঠনের সদস্য কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আটকদের শেরেবাংলা নগর থানায় নেওয়া হয়েছে। থানা পুলিশের পাশাপাশি ডিবি, সিটিটিসি ও এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) কর্মকর্তারা সেখানে আছেন। তাদের জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।
পূর্বকোণ/রানা/পারভেজ
















