দেশে হামের উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯৯।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৮৯৯ জন ও হামে আক্রান্ত হয়ে ১০০ জন মারা গেছে বলে জানা যায়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ১৫৭ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৯ জনের। মোট ১ হাজার ২৩৬ জন হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৩৫৯ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ১ লাখ ৪০ হাজার ৮৫০ জন হাসপাতাল ছেড়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৬৬ হাজার ৪৬১ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ৮৩৫ জনের।
সংক্রামক রোগ নিয়ন্ত্রণে টিকাদানে একসময় বাংলাদেশের সাফল্য বিশ্বজুড়ে ছিল আলোচিত। নিয়মিত টিকাদান, জাতীয় ক্যাম্পেইনের কারণে হামসহ এ ধরনের রোগের বড় প্রাদুর্ভাব এড়ানো যাচ্ছিল। এখন হামের মারাত্মক সংকট দেখা দেয়ার পেছনে মূল কারণ হিসেবে সাম্প্রতিক বছরগুলোয় টিকাদানের ঘাটতিকে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা।
পূর্বকোণ/রানা/পারভেজ


















