চট্টগ্রাম রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

প্রতারণার মামলায় গ্রেপ্তার পূজা চেরীর বাবা, বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

অনলাইন ডেস্ক

২৬ এপ্রিল, ২০২৬ | ১২:৫৬ অপরাহ্ণ

চলচ্চিত্র প্রযোজনার নামে ১৩ কোটির বেশি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন চিত্রনায়িকা পূজা চেরীর বাবা দেবু প্রসাদ রায়। ব্যবসায়ী ব্যবসায়ী মিজানুর রহমানের দায়ের করা প্রতারণা মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি সামনে আসতেই বেশ আলোচনা হয় অভিনেত্রীর পরিবার নিয়ে। আর এবার এ ঘটনার পর প্রথমবারের মতো নিজের অবস্থান স্পষ্ট করেছেন পূজা চেরী।

অভিনেত্রী রবিবার (২৬ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে জানান, বাবার গ্রেপ্তার এবং আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগের কারণে তিনি নানা ধরনের ফোন ও বার্তা পাচ্ছেন। তাই বিভ্রান্তি এড়াতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি।

ব্যক্তিগত অবস্থান স্পষ্ট করে পূজা জানান, তার বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে তার ব্যক্তিগত কোনও সম্পৃক্ততা নেই। তিনি দীর্ঘ ১০-১২ বছর ধরে মিডিয়ায় কাজ করছেন এবং নিজের পরিশ্রমে ক্যারিয়ার ও জীবনযাপনের খরচ বহন করছেন। পূজা আরও জানান, তার বাবার কোনও ব্যবসায়িক কার্যক্রম বা আর্থিক লেনদেনের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। এমনকি বর্তমানে তিনি কোনও প্রযোজনা প্রতিষ্ঠান বা প্রোডাকশন হাউসের সঙ্গেও যুক্ত নন।

পরিস্থিতি নিয়ে তিনি বলেন, একজন শিল্পী হিসেবে আমি সবসময় দর্শকদের ভালোবাসা এবং সম্মানের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি। পরিবারের সদস্য হওয়ার সূত্রে উদ্ভূত এই পরিস্থিতি আমার জন্য মানসিকভাবে কষ্টদায়ক, তবে এটি একান্তই তার ব্যক্তিগত আইনি বিষয়। আমি আশা করি, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং সত্য উদঘাটিত হবে। মামলাটির তদন্ত চলমান রয়েছে, বিষয়টি বিজ্ঞ আদালত দেখবেন এবং সিদ্ধান্ত নিবেন।

সবশেষে এই সময়ে তাকে বা তার কাজকে এ ঘটনার সঙ্গে না জড়ানোর জন্য অনুরোধ জানিয়েছেন পূজা। পাশাপাশি দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের পাশে থাকার আহ্বান করেছেন অভিনেত্রী।

প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় পূজার বাবা দেবু প্রসাদ রায়ের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন ব্যবসায়ী মিজানুর রহমান। অভিযোগে বলা হয়, চলচ্চিত্র প্রযোজনার কথা বলে বিভিন্ন সময়ে ১৩ কোটি ২০ লাখ টাকার বেশি নেয়া হলেও তা ফেরত দেয়া হয়নি। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, এই মামলায় দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করা হয়েছে ।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট