আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মতামত দিয়েছেন তাই আইনের অবস্থান এবং সেটাই সঠিক।
তিনি বলেন, ‘আইনগতভাবে খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সুযোগ নেই।’
রোববার (১ অক্টোবর) দুপুরে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘আজকে মন্ত্রণালয়ে গিয়ে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হবে কি না, এ বিষয়ে ফাইল দেখে মতামত দেওয়া হবে।’
তিনি বলেন, ‘তিনদিন ছুটি শেষে আজ অফিস খুলেছে। আমি যতটুকু জেনেছি খালেদা জিয়ার চিকিৎসার আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসার পরে আইন মন্ত্রণালয়ের একজন জয়েন্ট সেক্রেটারির কাছে ফাইলটা রয়েছে। আমি অফিসে গিয়ে ফাইলটা দেখে আজকের মধ্যে মতামত দিয়ে শেষ করব।’
আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘দেশের সব কাজই আইনের মাধ্যমে করতে হয়। আইনের ঊর্ধ্বে গিয়ে করলে খারাপ দৃষ্টান্ত সৃষ্টি হয়। নির্বাহী আদেশে বিদেশ গেলেও আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সেই নির্বাহী আদেশ দিতে হবে। আইনের বাইরে কোনো নির্বাহী আদেশ হতে পারে না।’
প্রসঙ্গত, গত ২৫ সেপ্টেম্বর খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করে বিদেশে চিকিৎসার আবেদন করেন।
পূর্বকোণ/এসি






















