চট্টগ্রাম রবিবার, ০৫ জুলাই, ২০২৬

আঁচল ফাউন্ডেশনের সমীক্ষা

৮ মাসে ৩৬১ শিক্ষার্থীর আত্মহত্যা

অনলাইন ডেস্ক

৯ সেপ্টেম্বর, ২০২৩ | ৫:১৫ অপরাহ্ণ

সারা দেশে চলতি বছরের আটমাসে (জানুয়ারি-আগস্ট) স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৩৬১ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এর মধ্যে ২১৪ জন ছাত্রী এবং ছাত্র ১৪৭ জন। আত্মহত্যাকারীদের মধ্যে সবচেয়ে বেশি স্কুলগামী শিক্ষার্থী। যার সংখ্যা ১৬৯ জন।

কলেজের ৯৬ শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় ৬৬ এবং মাদরাসার ৩০ শিক্ষার্থী রয়েছেন।

শনিবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে স্বেচ্ছাসেবী সংগঠন আঁচল ফাউন্ডেশন অনলাইনে অনুষ্ঠিত এক সম্মেলনে ‘শিক্ষার্থীদের আত্মহত্যার হার ক্রমবর্ধমান: কোন পথে সমাধান?’ -শীর্ষক সমীক্ষায় এসব তথ্য জানান।

সম্মেলনে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি (ইন্টেলিজেন্স প্ল্যানিং অ্যান্ড রিসাচর) ফরিদা ইয়াসমিন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক (সাইকিয়াট্রি) ডা. হেলাল উদ্দীন আহমদ, স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ কর্মসূচি প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. শহীদুল ইসলাম এবং আঁচল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি তানসেন রোজ প্রমুখ।

আঁচল ফাউন্ডেশন জানায়, আট মাসে সারা দেশের মোট ৮টি বিভাগে আত্মহত্যাকারী স্কুল ও কলেজ শিক্ষার্থীদের সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে যা ৩১.৩০ শতাংশ।

চট্টগ্রাম বিভাগে ১৪.১০ শতাংশ এবং খুলনা বিভাগে ১৩ শতাংশ। এ ছাড়া রাজশাহী বিভাগে ১১.৯০ শতাংশ, রংপুরে ৮.৯০ শতাংশ, বরিশালে ৮.৩০ শতাংশ, ময়মনসিংহে ১০ শতাংশ এবং সিলেটে ২.৫ শতাংশ স্কুল ও কলেজ পড়ুয়া আত্মহত্যাকারী শিক্ষার্থী রয়েছেন।
বিশেষজ্ঞরা ধারণা করছেন ঢাকা শহরের শিক্ষার্থীদের পড়াশোনা ও বেড়ে উঠার সহায়ক পরিবেশ না থাকার কারণে এখানে আত্মহত্যার ঘটনা বেশি।

লিখিত বক্তব্যে বিস্তারিত তুলে ধরেন আঁচল ফাউন্ডেশনের সদস্য ফারজানা আক্তার লাবনী।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট