নির্বাচন কমিশনে ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি। রবিবার (২৯ জুলাই) দুপুরে আগারগাঁওয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ে হিসাব জমা দেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি জানান, ২০২২ সালে বিএনপির আয় হয়েছে ৫ কোটি ৯২ লাখ ৪ হাজার ৬৩২ টাকা। মোট ব্যয় হয়েছে ৩ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৮০৩ টাকা। উদ্বৃত্ত ২ কোটি ৩ লাখ ৭০ হাজার ৮২৯ টাকা। এ সময় জাতীয় নির্বাহী ও স্থায়ী কমিটির চাঁদা, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে অনুদান এবং ব্যাংকের এফডিআরের অর্জিত ইন্টারেস্ট বিএনপির আয়ের উৎস বলে জানান রিজভী।
রুহুল কবির রিজভী বলেন, এটা রুটিন ওয়ার্ক। রাজনৈতিক দলগুলো তাদের আয়-ব্যয়ের বার্ষিক হিসাব নির্বাচন কমিশনে জমা দেয়। আয়-ব্যয়ের বার্ষিক প্রতিবেদন জমা দেওয়া ছাড়া আর কোন আলোচনা হয়নি।
যুগ্ম-মহাসচিব বলেন, জ্বালাও পোড়াও কে করে আপনারা জানেন। গতকাল যে ঘটনা ঘটেছে, স্বয়ং বাসচালক বলছেন ১০ গজ দূরেই ছিল পুলিশ। তারপরও কয়েকজন যুবক এসে বলছে যে, ‘বাস থেকে তুমি নেমে যাও, নাহলে তোমাকেসহ পুড়িয়ে দেওয়া হবে’। এই কাজ বিএনপির যুবকরা পুলিশের সামনে কখনই করতে পারবে না।
তিনি আরও বলেন, পুলিশের নির্বিচারে গুলি বর্ষণ, গ্রেপ্তার করছে, বেধড়ক লাঠিচার্জ করছে এর মধ্যে ঠাণ্ডা মাথায় মোটরসাইকেলে এসে বাস পোড়াবে এটা একেবারে মূর্খ ছাড়া কেউ বিশ্বাস করবে না এবং পাগলও এটা বিশ্বাস করবে না।
পূর্বকোণ/মাহমুদ






















