চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

ঢাকায় আ. লীগের তিন অঙ্গ সংগঠনের সমাবেশ ২৭ জুলাই

অনলাইন ডেস্ক

২৪ জুলাই, ২০২৩ | ১:১১ অপরাহ্ণ

দেশের বিভিন্ন স্থানে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে রাজধানীতে শান্তি সমাবেশের ডাক দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠন। আগামী ২৭ জুলাই এ সমাবেশ করবে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।

 

সোমবার (২৪ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তিন সংগঠনের যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

 

বিএনপির সমাবেশের পাল্টা সমাবেশ করছেন কিনা এমন প্রশ্নের জবাবে যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। রাজনৈতিক দল হিসেবে সহাবস্থানে থেকে শান্তিপূর্ণ কর্মসূচি করব।

 

সাপ্তাহিক কর্মব্যস্ততার দিনে দুই দলের পাল্টাপাল্টি সমাবেশ জনদুর্ভোগ সৃষ্টি করবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা একটি স্থান জানালাম। পরে স্পট পরিবর্তন করতে পারি।

 

এর আগে লিখিত বক্তব্যে মাঈনুল হোসেন খান নিখিল বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই বছরের শেষ দিকে বাংলাদেশের জাতীয় নির্বাচন হবে। নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে দেশবিরোধী চক্র, প্রতিক্রিয়াশীল গোষ্ঠী আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অগ্নিহত্যার ড্রেস রিহার্সেল হিসেবে তারা ঢাকা শহরের অন্যতম বিদ্যাপীঠ বাংলা কলেজে সাধারণ শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালিয়ে জ্ঞানের আলো লাইব্রেরি ভাংচুরসহ ছাত্রীদের ওপর হামলা ও শ্লীলতাহানি করে। যার ধারাবাহিকতায় বগুড়ায় একই দিনে ইয়াকুবিয়া বালিকা বিদ্যালয়ে হামলা করে শতাধিক ছাত্রীকে আহত করে। খাগড়াছড়ি ও লক্ষ্মীপুরে শান্তি সমাবেশে হামলা করে শতাধিক মানুষকে আহত করে। এ সময় বিএনপি জন্মলগ্ন থেকেই এসবের সাথে জড়িত বলে অভিযোগ করেন তিনি।

 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক অফজালুর রহমান বাবু, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

 

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট