চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামে পুলিশের টহল গাড়ি চুরির ঘটনায় যুবক গ্রেপ্তার 

চট্টগ্রামে পুলিশের টহল গাড়ি চুরির ঘটনায় যুবক গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর, ২০২৬ | ১১:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকা থেকে পুলিশের একটি সরকারি টহল গাড়ি চুরির ঘটনায় রুবেল (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
 
 
গ্রেপ্তার রুবেল কুমিল্লার চান্দিনা উপজেলার মোহনপুর ইউনিয়নের শামছুল আলমের ছেলে। তিনি ডবলমুরিং থানার ধনিয়ালাপাড়া এলাকার আউলিয়া জামে মসজিদ গলির রজব আলীর ভাড়া বাসায় থাকতেন।
 
 
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে গাড়িটি চুরির পর সন্ধ্যায় কর্ণফুলী এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রুবেলকে নগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাট মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
 
 
পুলিশ জানিয়েছে, বুধবার দুপুর আড়াইটার দিকে হালিশহর থানার মোবাইল-৪২ এর (দিবা) দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা ছোটপুল এলাকায় পুলিশ লাইন্সের পাশে পুনাক রেস্টুরেন্টের সামনে সরকারি টহল গাড়িটি রেখে দুপুরের খাবার খেতে যান। খাবার শেষে ফিরে এসে তারা গাড়িটি আর সেখানে পাননি। আশপাশে খোঁজাখুঁজি করেও গাড়িটির সন্ধান না পেয়ে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন।
 
 
ফিুটেজে দেখা যায়, দুপুর ২টা ৪৩ মিনিটের দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি গাড়িটি নিয়ে চলে যাচ্ছে। উদ্ধার করা গাড়িটি নীল রঙের টাটা ব্র্যান্ডের সিঙ্গেল কেবিন পিকআপ। গাড়িটির নম্বর সিএমপি-১৮০।
 
 
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ বলেন, গাড়ি চুরির ঘটনায় পুলিশ কন্ট্রোল রুমের সমন্বয়ে বিভিন্ন স্থানে চেকপোস্ট জোরদার করা হয়। নাশকতার উদ্দেশ্যে গাড়িটি চুরি করা হয়েছিল। পরে বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে কর্ণফুলী এলাকা থেকে গাড়িটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত রুবেলকে দেওয়ানহাট মোড় এলাকা থেকে হালিশহর থানা পুলিশ গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে শনাক্ত হওয়া ব্যক্তিদের পাশাপাশি ঘটনায় জড়িত অন্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট