চট্টগ্রাম রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

৮ মাসে আ. লীগের চেয়েও বেশি উন্নয়ন করেছি: মীর হেলাল

৮ মাসে আ. লীগের চেয়েও বেশি উন্নয়ন করেছি: মীর হেলাল

অনলাইন ডেস্ক

১৪ নভেম্বর, ২০২৬ | ৭:৩৪ অপরাহ্ণ

আওয়ামী লীগের ১০ বছরের শাসনকালের তুলনায় মাত্র আট মাসের দায়িত্ব পালনকালে চট্টগ্রামে অনেক বেশি উন্নয়নমূলক কাজ করা হয়েছে বলে মন্তব্য করেছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
 
শনিবার (১৪ নভেম্বর) চট্টগ্রামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও সাবেক প্রশাসক ডা. শাহাদাত হোসেনের দুই বছর পূর্তি উপলক্ষে এই নাগরিক সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
 
ডা. শাহাদাত হোসেনের দুই বছরের কার্যক্রমের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, ’মেয়র ও সদ্য প্রশাসক হিসেবে শাহাদাত হোসেনের বিশেষত্ব হলো তিনি সমসময় জনগণের প্রতিনিধিত্ব করেছেন। জনগণের কাতারে থেকেছেন এবং এই নগরবাসীকে সঙ্গে নিয়ে কাজ করেছেন।’
 
এ সময় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচারে দলীয় নেতাকর্মীদের আরও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে মীর হেলাল বলেন, ‘যেই পক্ষটি বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, একটি নির্বাচিত সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চায় এবং বলতে চায় দেশে কোনো উন্নয়ন হচ্ছে না। আমরা কিন্তু এসব প্রচার না করে পরোক্ষভাবে তাদেরই সহযোগিতা করছি। তাই শুধু চট্টগ্রাম সিটি করপোরেশনের নয়, আমাদের সরকারের প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ড নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম ও ফেসবুকের মাধ্যমে দলের ও সরকারের পক্ষে প্রচার করতে হবে।’
 
আওয়ামী লীগ আমলের সমালোচনা করে তিনি আরও বলেন,  ‘গত আট মাস বা তার কিছু বেশি সময় ধরে চট্টগ্রামের জন্য যে পরিমাণ উন্নয়নমূলক কাজ আমরা করেছি, অতীতে ১০ বছরের অবৈধ আওয়ামী শাসনামলে তারা তার সিকিভাগও করতে পারেনি।”
 
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন,  ‘আমরা যদি সব সেবা প্রদানকারী সংস্থা একসঙ্গে মিলেমিশে কাজ করতে পারি, তাহলে এই বন্দরনগরীকে আরও অনেক বেশি পরিকল্পিতভাবে গড়ে তুলতে পারব। যদি আমাদের নগর সরকার ব্যবস্থা থাকত, তবে এই সুন্দর শহরটাকে আরও বেশি নান্দনিক করা যেত এবং বাণিজ্যিক রাজধানীর পূর্ণতা দেওয়া সম্ভব হতো।’
 
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবের রহমান শামীম, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য এস এম নছরুল কদির প্রমুখ।
 
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট