চট্টগ্রাম মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামের মেখল মাদ্রাসার মুহতামিম উসমান ফয়েজী আর নেই

অনলাইন ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:৫১ অপরাহ্ণ

চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া হামিউচ্ছুন্নাহ মেখল মাদ্রাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা দেড়টায় চট্টগ্রামের নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক ও মেখল মাদ্রাসা সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে পেটের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা শেষে তিনি বাড়ি ফেরেন।

মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে মাওলানা এখলাস ফয়েজী।

তার আকস্মিক মৃত্যুতে মেখল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ভক্ত-অনুরাগী ও আলেম সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তবে মাওলানা উসমান ফয়েজীর নামাজে জানাজা ও দাফনের সময়সূচির বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

উল্লেখ্য, মাওলানা উসমান ফয়েজী দেশের প্রখ্যাত সুপরিচিত আলেম পরিবারের সদস্য এবং মুফতি আজম আল্লামা ফয়জুল্লাহ (রহ.)-এর কনিষ্ঠ নাতি। তিনি মেখল মাদ্রাসার সাবেক মুহতামিম আল্লামা নোমান ফয়েজী (রহ.)-এর ছোট ভাই। মাওলানা নোমান ফয়েজীর ইন্তেকালের পর এক জরুরি শুরা বৈঠকে মাওলানা উসমান ফয়েজীকে প্রতিষ্ঠানটির নতুন মুহতামিম হিসেবে মনোনীত করা হয়।

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখলে অবস্থিত জামিয়া হামিউচ্ছুন্নাহ দেশের অন্যতম প্রাচীন ও শীর্ষস্থানীয় দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান, যা দীর্ঘকাল ধরে ইসলামি শিক্ষা ও দ্বীনি দাওয়াতের প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট