চট্টগ্রাম নগরের হালিশহরে জনতা ব্যাংকের এক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মোহাম্মদ আবুল হোসাইন (৪৫) নামের ওই কর্মকর্তার মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে তার হাতে লেখা সুইসাইড নোট ও চিরকুট উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে নগরের হালিশহর খোরশেদবাগ আবাসিক এলাকার ইম্পিরিয়াল আরকিট ভবনের ৬/বি নম্বর ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি জনতা ব্যাংক লিমিটেডের মোহাম্মদপুর জিবি শাখার কর্মকর্তা ছিলেন।
মৃত ব্যাংক কর্মকর্তার স্ত্রী শারমিন আক্তার বাদী হয়ে এ ঘটনায় হালিশহর থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।
পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, রোববার রাতে খাবার খেয়ে আনুমানিক রাত ১টার দিকে আবুল হোসাইন ও তার স্ত্রী আলাদা কক্ষে ঘুমাতে যান। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ফজরের নামাজ আদায়ের জন্য ঘুম থেকে উঠে স্ত্রী পাশের ঘরের দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনি সিলিং ফ্যানের সঙ্গে চাদর প্যাঁচানো অবস্থায় স্বামীকে ঝুলতে দেখেন। তার চিৎকারে সন্তান ও স্বজনেরা ছুটে এসে চাদর কেটে আবুল হোসাইনকে নিচে নামান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হয়।খবর পেয়ে হালিশহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, উদ্ধারকৃত চিরকুটের বিষয়বস্তু ও মৃত্যুর প্রকৃত রহস্য খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তের পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
পূর্বকোণ/আরআর

















