চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে। একই সময়ে নতুন করে আরও ৮৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। ফলে চলতি বছর চট্টগ্রাম জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৮৩ জনে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়।
সিভিল সার্জন কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া দু’জনের একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (সিএমসিএইচ) এবং অন্যজন এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামে চিকিৎসাধীন ছিলেন।
চমেক হাসপাতালে মারা যাওয়া অর্পিতার (২৬) বাড়ি কোতোয়ালি থানাধীন এলাকায়। তিনি ১০ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন এবং ১১ সেপ্টেম্বর মারা যান। এছাড়া এভারকেয়ার হাসপাতালে মারা যাওয়া শামসুন নাহার খানমের বয়স ৫০ বছর। তিনি আগ্রাবাদ হাউজিং সোসাইটি এলাকার বাসিন্দা। ১১ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার পর সেদিন জরুরি বিভাগে তার মৃত্যু হয়। হাসপাতালে ভর্তির আগে করা পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়েছিল।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে সরকারি হাসপাতালে ৭৭ জন এবং বেসরকারি হাসপাতালে ১০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২১০ জন। এর মধ্যে চমেক হাসপাতালে ১০৫, বিআইটিআইডিতে ৩৫, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১৭, সিএমএইচে ৪, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ২৪ এবং বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে ২৫ জন চিকিৎসাধীন রয়েছেন।
চলতি বছর এ পর্যন্ত সরকারি হাসপাতালগুলোতে ২ হাজার ৪৫৭ জন এবং বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে ৪২৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত চিকিৎসা নিয়ে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৬৭৩ জন।
পূর্বকোণ/প্রান্ত


















