চট্টগ্রাম শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

ট্রেনে কাটা পড়া শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালো ৫৫ বয়সী এক ব্যাক্তি

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে হাত-পা হারানো শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল একজনের

১১ সেপ্টেম্বর, ২০২৬ | ৫:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রামের ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় রেললাইনের ওপর থাকা এক শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় দেলোয়ার হোসেন মিন্টু (৫৫) নামে একব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় রাহাত (১০) নামে ওই শিশু গুরুতর আহত হয়ে হাত-পা হারিয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে পাঁচলাইশ থানার ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ হতাহতের ঘটনা ঘটে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কান্তি দে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, রেললাইনের ওপর থাকা শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় একজন নিহত হয়েছেন।

শিশুটিও আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছেন।

জানা যায়, নিহত দেলোয়ার হোসেন মিন্টু পেশায় ইলেকট্রিশিয়ান ছিল।

আহত রাহাত পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকার আব্দুল মালেক সাহেবের বাসার মো. ফারুকের ছেলে। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।

শিশু রাহাতের বাবা মো. ফারুক বলেন, জুমার নামাজের পর ২০ টাকা নিয়ে চটপটি খেতে বের হয়েছিল তার ছেলে। ট্রেনের ধাক্কায় ছেলেটি গুরুতর আহত হয়েছে। তিনি বলেন, এখন আমার ছেলের হাত নেই, পা নেই।

পূর্বকোণ/রাকিব/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট