চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

মাতারবাড়িতে ভিড়তে পারবে ১২.৫ মিটার ড্রাফটের জাহাজ

অনুমতি দিল চট্টগ্রাম বন্দর

মাতারবাড়িতে ভিড়তে পারবে ১২.৫ মিটার ড্রাফটের জাহাজ

ইমাম হোসাইন রাজু

১০ সেপ্টেম্বর, ২০২৬ | ১১:৪৯ পূর্বাহ্ণ

দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর মহেশখালীর মাতারবাড়ি জাহাজ বার্থিংয়ের সক্ষমতা বাড়িয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নতুন করে জাহাজ চলাচলের ড্রাফট (নাব্য) ও দৈর্ঘ্য নির্ধারণ করা হয়েছে। বড় জাহাজ বার্থিংয়ের নতুন সীমা অনুযায়ী এখন থেকে মাতারবাড়ি কয়লা জেটিতে সর্বোচ্চ ২৩০ মিটার দীর্ঘ ও ১২ দশমিক ৫ মিটার ড্রাফটের জাহাজ ভিড়তে পারবে। আগে সর্বোচ্চ সাড়ে ১১ মিটার ড্রাফটের জাহাজ ভেড়ানোর অনুমতি থাকলেও নতুন নির্দেশনায় ১২ দশমিক ৫ মিটার ড্রাফটের জাহাজ বার্থ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। অর্থাৎ মাতারবাড়ী কয়লা জেটিতে জাহাজের অনুমোদিত ড্রাফট সীমা এক মিটার বাড়ানো হয়েছে। তবে জেটিভেদে জাহাজের দৈর্ঘ্য ও ড্রাফটের পৃথক সীমাও নির্ধারণ করেছে বন্দর কর্তৃপক্ষ।

 

গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মেরিন বিভাগ থেকে প্রকাশিত এক জরুরি নোটিশে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত ডেপুটি কনজারভেটর স্বাক্ষরিত এই নোটিশে পূর্বের ২ ডিসেম্বর ২০২৫ তারিখে জারিকৃত ৩৭/২০২৫ নম্বর সার্কুলারটি আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা করা হয়। নতুন নির্দেশনা অনুযায়ী, মাতারবাড়ী কয়লা জেটিতে সর্বোচ্চ ২৩০ মিটার দৈর্ঘ্যের এবং ১২ দশমিক ৫ মিটার ড্রাফটের জাহাজ ভেড়ানো যাবে। একই সঙ্গে টার্মিনাল অয়েল জেটিতে সর্বোচ্চ ১৫০ মিটার দৈর্ঘ্য ও ১০ মিটার ড্রাফট এবং মাতারবাড়ী টেম্পোরারি জেটি-১-এ সর্বোচ্চ ১৫০ মিটার দৈর্ঘ্য ও ৬ মিটার ড্রাফটের জাহাজ বার্থিং করতে পারবে।

 

সার্কুলারে বলা হয়েছে, নির্ধারিত সীমার মধ্যে থাকা জাহাজগুলো মাতারবাড়ী হারবারে বার্থ নিতে পারবে। জাহাজের মালিক, চার্টারার, মাস্টার ও শিপিং এজেন্টদের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মেরিন বিভাগ কর্তৃক প্রকাশিত ড্রাফট চার্টে প্রযোজ্য নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। নতুন নির্দেশনায় জেটিভেদে জাহাজের আকার ও ড্রাফটের পৃথক সীমা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দৈর্ঘ্য ও ড্রাফটের জাহাজ বার্থিংয়ের সুযোগ রাখা হয়েছে মাতারবাড়ী কয়লা জেটিতে। সেখানে ২৩০ মিটার পর্যন্ত দীর্ঘ এবং ১২ দশমিক ৫ মিটার ড্রাফটের জাহাজ ভেড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। অন্যদিকে, টার্মিনাল অয়েল জেটিতে ১৫০ মিটার পর্যন্ত দৈর্ঘ্য ও ১০ মিটার ড্রাফট এবং টেম্পোরারি জেটি-১-এ ১৫০ মিটার পর্যন্ত দৈর্ঘ্য ও ৬ মিটার ড্রাফটের জাহাজ বার্থ নিতে পারবে।

 

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে জাহাজ পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে মেরিন বিভাগের ড্রাফট চার্ট ও প্রযোজ্য নেভিগেশন নির্দেশনা মেনে চলতে হবে।

 

মাতারবাড়ী এলাকায় কয়লা, তেলসহ বিভিন্ন ধরনের বন্দর ও শিল্প কার্যক্রমের জন্য জেটি ব্যবহারের ক্ষেত্রে জাহাজের নিরাপদ বার্থিং ও নেভিগেশন গুরুত্বপূর্ণ। এ কারণে জাহাজের দৈর্ঘ্য ও ড্রাফট অনুযায়ী জেটিভিত্তিক সীমা নির্ধারণ করে নতুন নির্দেশনা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

 

চট্টগ্রাম বন্দরের সচিব ও মুখপাত্র সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাতারবাড়ি হারবারে জাহাজ বার্থিংয়ের জন্য জেটিভেদে সর্বোচ্চ দৈর্ঘ্য ও ড্রাফট নির্ধারণ করে দেওয়া হয়েছে। নির্ধারিত সীমার মধ্যে থাকা জাহাজগুলো সংশ্লিষ্ট জেটিতে বার্থ নিতে পারবে।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট