চট্টগ্রাম মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

খুলশীতে ২০ হাজার ঘনফুট পাহাড় কাটার অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক

৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১০:৪১ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর খুলশীর রূপসী হাউজিং সোসাইটি এলাকায় প্রায় ২০ হাজার ঘনফুট পাহাড় কাটার অভিযোগে দুই জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও এক থেকে দুইজনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।

 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) খুলশী থানায় এজাহারটি দায়ের করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সিনিয়র টেকনিশিয়ান মো. ওমর ফারুক। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয় সূত্রে এসব তথ্য জানা যায়।

 

এজাহারে বলা হয়, পাহাড় কাটার গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৭ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ আশফাকুর রহমানসহ কর্মকর্তারা রূপসী হাউজিং সোসাইটির কাঁঠালবাগান, পূর্ব নাসিরাবাদ এলাকায় সরেজমিন পরিদর্শনে যান। এ সময় খুলশী ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা মোহতাসিম বিল্লাহও উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে ব্রিক সলিং রাস্তার পূর্ব সীমানার উত্তর পাশে বাউন্ডারি দিয়ে ঘেরা একটি প্লটে পাহাড় কাটার স্পষ্ট চিহ্ন দেখতে পান কর্মকর্তারা।

 

পরে ঘটনাস্থলে পাহাড় কাটার আনুমানিক পরিমাণ নির্ধারণ ও স্থিরচিত্র ধারণ করা হয়। এজাহার অনুযায়ী, কর্তিত পাহাড়ের পরিমাণ প্রায় ২০ হাজার ঘনফুট। মামলায় মো. আবু বকর সিদ্দিক ও মো. ছাবেরসহ অজ্ঞাত আরও এক থেকে দুজনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া পাহাড় কাটার মাধ্যমে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে অভিযোগ আনা হয়েছে।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট