চট্টগ্রাম সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬

সদরঘাটে গ্রেপ্তার নারী মাদক কারবারি থেকে ৫১৯ ইয়াবা ও ৬২ হাজার টাকা উদ্ধার

৭ সেপ্টেম্বর, ২০২৬ | ১১:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে ৫১৯ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৬২ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হাসিনা আক্তার (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

শনিবার (৫ সেপ্টেম্বর) সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ী দারোগাহাট রোড এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। সানি টিউটোরিয়াল স্কুলের বিপরীতে জসিম সওদাগরের বাড়ির প্রবেশপথের কাঁচা রাস্তা থেকে হাসিনা আক্তারকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহর নেতৃত্বে অভিযান চালানো হয়। এতে পশ্চিম মাদারবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান চৌধুরীসহ পুলিশের একটি দল অংশ নেয়।

 

গ্রেপ্তার হাসিনা আক্তার পূর্ব মাদারবাড়ী দারোগাহাট রোড এলাকার বাসিন্দা। তিনি মো. জাফরের স্ত্রী এবং মৃত এখলাছুর রহমান ও মৃত শামসুন নাহারের মেয়ে।

 

অভিযানকালে তার কাছ থেকে ৫১৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৬২ হাজার টাকা জব্দ করা হয়।

 

এ ঘটনায় সদরঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা করা হয়েছে। মামলাটি ৬ সেপ্টেম্বর দায়ের করা হয়।

 

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হাসিনা আক্তারকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট