নামি ব্র্যান্ডের আদলে হুবহু নকল মোড়ক ব্যবহার করে ভেজাল চা পাতা বাজারজাত করার অপরাধে চট্টগ্রামের চাক্তাইয়ে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (০৬ সেপ্টেম্বর) সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযান সূত্রে জানা যায়, চাক্তাইয়ের নিজাম টি হাউস নামের দোকানে ‘সেভরন স্পেশাল গোল্ড টি’নামক চা পাতা বিক্রি করতে দেখা যায়। যার মোড়ক ও ডিজাইন একটি নামী ব্র্যান্ডের সঙ্গে প্রায় পুরোপুরি মিলে যায়। মোড়কে প্রস্তুতকারক প্রতিষ্ঠানের ঠিকানা হিসেবে সিলেটের নাম ব্যবহার করা হলেও প্রকৃতপক্ষে চট্টগ্রামের চাক্তাইয়েই এই ভেজাল চা প্রস্তুত করা হচ্ছিল।
অভিযানে নকল মোড়ক ব্যবহার, বিএসটিআইয়ের অনুমোদন না থাকা এবং মিথ্যা ঘোষণায় পণ্য প্রস্তুত ও বিপণনের সত্যতা পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে এর কার্যক্রম স্থগিতের নির্দেশ দেওয়া হয়।
এর আগে অধিদপ্তরের পক্ষ থেকে চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে দোহা ফুডস নামক পৃথক প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ চকলেট ও বিক্রি নিষিদ্ধ পানীয় এবং হোটেল হাজী বিরিয়ানিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশের প্রমাণ পাওয়া যায়। জনস্বাস্থ্যবিরোধী এসব অপরাধের দায়ে এই দুই প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয় বলে ভোক্তা অধিকার সূত্র জানায়।
পূর্বকোণ/রানা/পারভেজ


















