চট্টগ্রাম শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬

সুড়ঙ্গপথে পালালো চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের ওপর হামলা

সুড়ঙ্গপথে পালালো চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের ওপর হামলা

অনলাইন ডেস্ক

৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে খুলশীর ওয়্যারলেস মোড় ও পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের সুযোগ নিয়ে এবং বাসার ভেতরের একটি গোপন সুড়ঙ্গপথ ব্যবহার করে পরিবারের সহযোগিতায় পালিয়ে গেছেন ওই সন্ত্রাসী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, অভিযানের খবর পেয়ে ওয়াকিল হোসেনের অনুসারীরা সড়কে ব্যারিকেড তৈরি করে। পরে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল, বোতল ও ককটেলসদৃশ বিস্ফোরক নিক্ষেপ করে। এতে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সরকারি গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আত্মরক্ষার্থে কয়েকটি শব্দবোমা ও রাবার বুলেট ছোড়ে। হামলায় খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার হাতসহ পাঁচ থেকে ছয়জন পুলিশ সদস্য আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পরে পুলিশের একাধিক দল ওয়্যারলেস এলাকার বিভিন্ন গলি ও ওয়াকিল হোসেনের বাসায় একযোগে অভিযান চালায়। এ সময় বাসার ভেতরে একটি গোপন সুড়ঙ্গ ও পালানোর পথের সন্ধান পায় পুলিশ। ওই পথ দিয়েই পরিবারের সদস্যদের সহযোগিতায় অভিযানের আগেই ওয়াকিল পালিয়ে যান বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের দাবি, পালিয়ে যাওয়ার পরও মোবাইল ফোন ও ভিডিও কলের মাধ্যমে ওয়াকিল পুলিশকে হুমকি দেন এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম জানান, কলেজ শিক্ষককে তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলাসহ তার বিরুদ্ধে থাকা বিভিন্ন মামলার ভিত্তিতে ওয়াকিলকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। তবে পূর্বপরিকল্পিতভাবে পুলিশের ওপর হামলা চালিয়ে সরকারি গাড়ি ভাঙচুর করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ওয়াকিল হোসেনসহ অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পূর্বকোণ/ইবনুর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট